এএসআই খুনের ঘটনায় গ্রেপ্তার নেই
পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টায় গ্রামের বাড়ি বগুড়ার শেখপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সুজাউলের দাফন সম্পন্ন হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ আজ বলেন, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তদন্ত চলছে। গতকাল সোমবার রাতে পাবনা পুলিশ সুপার আলমগীর কবির প্রথম আলোকে বলেন, হত্যার মূল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনসহ কয়েকটি সংস্থা কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসীর ভাষ্য, সুজাউল পাকশী রেল কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ওই কলোনি ঘেঁষে পদ্মানদীর পাশে রেলের জায়গায় অবৈধ দখল নিয়ে গড়ে উঠেছে হঠাৎ পাড়া নামের একটি বসতি। এই এলাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা ছিল। সম্প্রতি পুলিশ পাকশী, রূপপুর, দিয়াড় বাঘইলসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালাচ্ছে। এসব অভিযানে সুজাউল থাকতেন। এই অপরাধীরা তাঁকে খুন করতে পারে।
গতকাল সোমবার সকালে পাকশী রেলওয়ে স্টেশনের কাছে খেত থেকে এএসআই মো. সুজাউল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তাঁর হাত, পা, মুখ ও চোখ বাঁধা এবং গলায় ফাঁস লাগানো ছিল। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও ঠোঁটে কাটা দাগ ছিল।