এএসআই বললেন, এত কম টাকায় কেউ ছাড়া পান না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি যাওয়া গরু খুঁজতে বেরিয়ে ঝিনাইদহের দুই কৃষক পড়েছিলেন পুলিশ টহল দলের সামনে। ডাকাত আখ্যা দিয়ে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয় থানায়। পরদিন টাকার বিনিময়ে থানা থেকে মুক্তি পান তাঁরা। মুক্তি নিয়ে থানা থেকে বেরিয়ে আসছিলেন কৃষক আশরাফুল ইসলাম ও লাভলুর রহমান। এ সময় কর্তব্যরত কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক গোপাল চন্দ্র তাঁদের বলেন, ‘বাড়িতে গিয়ে মিলাদ দেন, অল্প টাকায় বেঁচে গেলেন।’
আশরাফুল ইসলাম ও লাভলুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড়-ঘিঘাটি গ্রামের বাসিন্দা। তাঁদের ভাষ্যমতে, মোট সাড়ে সাত হাজার টাকার বিনিময়ে তাঁরা ছাড়া পেয়েছেন। পুলিশ তাঁদের মারধরও করেছে। গোপাল চন্দ্র তদন্ত করার কথা বলে আড়াই হাজার টাকা আর থানা খরচের কথা বলে নিয়েছেন পাঁচ হাজার টাকা। এখনো তাঁদের ভয় দেখিয়ে যাচ্ছে পুলিশ। বলছে, টাকার কথা কাউকে বললে এবার ধরে নিয়ে ডাকাতি মামলায় ঢুকিয়ে আদালতে চালান দেওয়া হবে। সেই কারণে ঘটনাটি তাঁরা এত দিন প্রকাশ করেননি।
লাভলুর রহমান জানান, গত ২৪ নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে গরুর খাবার দিতে গিয়ে তিনি দেখতে পান গোয়ালে একটি গরু নেই। এরপর পাশের বাড়ির আশরাফুল ইসলামকে ডেকে একসঙ্গে গরু খুঁজতে বের হন। একপর্যায়ে তাঁরা কালীগঞ্জ-জীবননগর সড়কের লাউতলায় পৌঁছান। সেখানে টহল দিচ্ছিল কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল। পুলিশ তাঁদের ঘিরে ধরে বলে, তোমরা সড়কে ডাকাতির চেষ্টা করছিলে। এই বলে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। তিনি বলেন, পুলিশকে গরু হারানোর কথা বললেও টহল দলে থাকা গোপাল চন্দ্র এতে কর্ণপাত করেননি। গোপাল চন্দ্র তাঁদের শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যান। এ সময় পুলিশের অন্য সদস্যরা তাঁদের মারধর করেন। পরে পরিবারের লোকজন থানায় গেলে তাঁদের কাছে ১০ হাজার টাকা চেয়ে বলা হয়, নইলে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হবে। গোপাল চন্দ্র তদন্ত করার জন্য আরও আড়াই হাজার টাকা দাবি করেন। পরে গোপাল চন্দ্রকে সব মিলিয়ে সাড়ে সাত হাজার টাকা দিয়ে তাঁরা ছাড়া পান।
আশরাফুল ইসলাম জানান, ছাড়া পেয়ে থানা থেকে বের হওয়ার সময় গোপাল চন্দ্র তাঁদের বাড়িতে পৌঁছে মিলাদ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, এত কম টাকায় থানা থেকে কেউ ছাড়া পান না।
এএসআই গোপাল চন্দ্র বলেন, তাঁদের দুজনকে সন্দেহ করে থানায় নিয়ে আসা হয়। কিন্তু পরদিন খোঁজ পাওয়া যায় তাঁরা ভালো মানুষ। এই কারণে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।