ফেনীতে র্যাবের হাতে ২৭ কোটি টাকা মূল্যের প্রায় সাত লাখ ইয়াবা বড়িসহ আটক ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমানের আরেক সহযোগী গিয়াস উদ্দিন গতকাল শনিবার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মুহাম্মদ ফারুকীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এএসআই মাহফুজ ও তাঁর গাড়িচালক জাবেদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ গত বুধবার কুমিল্লার দেবীদ্বার উপজেলার গ্রামের বাড়ি থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। ওই দিনই তাঁকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০ জুন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় র্যাব সদস্যরা একটি প্রাইভেট কারসহ এএসআই মাহফুজুর রহমান ও গাড়িচালক জাবেদ আলীকে আটক করেন। পরে তাঁদের গাড়ি তল্লাশি করে ২৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ছয় লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি, ইয়াবা বিক্রির সাত লাখ টাকা, চারটি মোবাইল ফোনসেট, বিভিন্ন ব্যাংকের আটটি ক্রেডিট কার্ড এবং তিনটি নোট বইতে ২৮ কোটি টাকার ইয়াবা বিক্রির লেনদেনের হিসাবসহ বেশ কয়েকজনের নামধাম পাওয়া যায়।
এ ঘটনায় র্যাব ৭ ফেনী ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েক সুবেদার মনিরুল ইসলাম এএসআই মাহফুজুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তা ও জাবেদ আলীসহ চারজনের নাম উল্লেখ করে ফেনী সদর মডেল থানায় মামলা করেন। অপর দুই পুলিশ কর্মকর্তা হচ্ছেন কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. বেলাল ও চট্টগ্রাম পুলিশের কুমিরা হাইওয়ে ইনচার্জ (আইসি) মো. আশিক ।
মাহফুজুর রহমান ও জাবেদ আলী ইতিমধ্যে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান তদন্তের স্বার্থে স্বীকারোক্তির তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, এসআই বেলাল ও এসআই আশিক আত্মগোপনে থাকায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি।