এএসআই মিজান হত্যা মামলায় দুই ছিনতাইকারী সাত দিনের রিমান্ডে
ঢাকার রমনা থানার নয়াটোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া দুুই ছিনতাইকারী জামাই রাজু ও সুজনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে মির্জাপুর থানার পুলিশ।পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার মির্জাপুর থানার পুলিশ ছিনতাইকারী রাজু ও সুজনকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে টাঙ্গাইলের আদালতে পাঠায়। শুনানি শেষে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মইনুল আহসান তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে এএসআই মিজানের খুনিদের গ্রেপ্তারের খবরে গতকাল সকালে তাঁর স্ত্রী ফাতেমা বেগমসহ (২৫) পরিবারের সদস্যরা মির্জাপুর থানায় যান।মিজানের স্ত্রী ফাতেমা প্রথম আলোকে বলেন, প্রকৃতপক্ষে ওই ছিনতাইকারী, না অন্য কেউ তাঁর স্বামীকে হত্যা করেছে, এ নিয়ে তাঁর সংশয় রয়েছে। তাঁর বিশ্বাস হয় না, তাঁর স্বামী অপরিচিত কারও প্রাইভেটকারে চড়বেন। তিনি জানান, ৩ মে রাতে স্বামীর সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। ওই সময় তিনি বাড়িতে যাওয়ার বিষয়ে কিছু বলেননি। বাড়িতে আসার আগে প্রতিবার তাঁকে জানাতেন। এক সপ্তাহ পর ১০ দিনের ছুটিতে বাড়ি আসার কথা তিনি জানিয়েছিলেন। কর্মস্থল ত্যাগের আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু মিজান এ বিষয়ে কাউকে জানাননি। সবকিছুই তাঁর কাছে অন্য রকম মনে হচ্ছে।মিজানের চাচা আবদুস সালামও সঠিক বিচার পাবেন কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।মিজানের সিম কার্ড...গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের সামনে দুই ছিনতাইকারী সাংবাদিকদের জানায়, এএসআই মিজানকে শ্বাসরোধে হত্যার পর তাঁর লাশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফেলে রাখে। তারা মির্জাপুর বাইপাসের কুমারজানী এলাকায় মিজানের মুঠোফোনের সিম কার্ড ফেলে রেখে যায়।