এএসআই সুজাউল হত্যা: চার যুবকের পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার চার যুবকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে পাবনার আমলি আদালত-২ এর বিচারক রেজাউল করিম এই রিমান্ড মঞ্জুর করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, মামলার তদন্তের স্বার্থে এই চারজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে ৮ অক্টোবর আদালতে আবেদন করা হয়। আদালত আজ শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া চারজন হলেন পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের খোকন হোসেন (৩২), একই ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়ার জনি প্রামাণিক (২১) ও বাঘইল উত্তরপাড়ার মাসুদ রানা (২৫) ও বাবুপাড়া এলাকার রাজীব হাসান।

গত ৫ অক্টোবর সকালে পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজ-সংলগ্ন ইপিজেড সড়কের পাশে একটি খেত থেকে হাত-পা ও মুখ বাঁধা এবং ফাঁস লাগানো অবস্থায় এএসআই সুজাউল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন এবং ঠোঁটে কাটা দাগ ছিল।
ওই দিন রাতেই পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক রেজাউল করিম অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। পরে গত বুধবার রাতভর ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।