এএসআইকে দুই বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জে যৌতুকের মামলায় পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) হাজ্জাজুর রহমান (৪৫)। তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খেরুপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ এপ্রিল সদর উপজেলার হাজেরা আক্তারকে বিয়ে করেন এএসআই হাজ্জাজুর রহমান। সে সময় তিনি আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের জন্য হাজেরাকে নির্যাতন করতেন। পরে হাজেরা ২০১৫ সালে হাজ্জাজুরের বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা দায়ের করেন। মামলার পর হাজ্জাজুর বদলি হয়ে খুলনা বিভাগে যান।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বলেন, হাজ্জাজুরকে কারাগারে পাঠানো হয়েছে।