এএসআইসহ আটক ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে জুয়ার আসর বসা এক বাসা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ১৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। জুয়া খেলার অপরাধে তাঁদের মধ্যে একজনকে তিন মাসের এবং ১২ জনকে ১৫ দিনের করে কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আটক হওয়া ধানমন্ডি থানার এএসআই মাইনুল ইসলামকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাজারীবাগের বাড্ডানগরের এক বাসা থেকে তাঁদের আটক করা হয়।
র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, মো. রওশন নামের এক ব্যক্তি মাসে আট হাজার টাকায় ওই বাসা ভাড়া নিয়ে জুয়ার আসর বসানোসহ বিভিন্ন ধরনের অপরাধ করছিলেন। তাই তাঁকে তিন মাসের সাজা দেওয়া হয়েছে। ওই বাসা থেকে দেড় লাখ টাকা ও কয়েকটি ইয়াবা বড়ি জব্দ করা হয়। ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
এএসআই মাইনুলের বিষয়ে জানতে চাইলে র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, তিনি কী কারণে ওই বাসায় গিয়েছিলেন, তা জানা যায়নি।
যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, ‘তিনি (মাইনুল) ব্যক্তিগত পাওনা টাকা আনার জন্য ওই বাড়িতে গিয়েছিলেন। বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখব।’