এএসআইসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ আদালতের এক কর্মচারীকে আটক করে থানায় নিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা, গালাগাল ও সাদা কাগজে সই নেওয়ার অভিযোগে সদর থানার এক এএসআইসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফাহমিদা জাহাঙ্গীর ওই পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত আসামিরা হলেন এএসআই আরিফ হোসেন, সদর উপজেলার পাগলাকানাই এলাকার রেহেনা খাতুন ও হরিণাকুণ্ডু উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আসমাউল হুসাইন।
আদালতের ওই কর্মচারীর নাম উজ্জ্বল হোসেন। তাঁর বাবা আশির উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। তিনি হরিণাকুণ্ডুর শাখারীদহ গ্রামের বাসিন্দা।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, বেসরকারি সংস্থা (এনজিও) থেকে টাকা তোলা নিয়ে রেহেনার সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়। ১১ সেপ্টেম্বর উজ্জ্বল হোসেন কয়েকজন বন্ধুসহ ওই টাকা আনতে যাওয়ার পথে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে তাঁকে এএসআই আরিফ জোর করে থানায় নিয়ে যান। সেখানে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে বলা হয়, ‘তুই আদালতে চাকরি করিস। আমি তোর চাকরি খেয়ে নেব। অনেকের চাকরি খেয়েছি।’ এরপর থানায় একটি সাদা কাগজে সই নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ওই ঘটনায় গতকাল আদালতে মামলা করা হয়। ঈদুল আজহার ছুটি ও পরিবারের সঙ্গে পরামর্শ করতে বিলম্ব হওয়ায় মামলা করতে দেরি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।