নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূর টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই), এক হাবিলদার ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ওই পুলিশ সদস্যরা হলেন: ফতুল্লা মডেল থানার এএসআই কামরুল ইসলাম, পুলিশ লাইনের হাবিলদার উজির আলী, কনস্টেবল শহীদ মিয়া ও গোলাম মোস্তফা।পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম জানান, রোববার রাতে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। টাকা ছিনতাইয়ের অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কের মুন্সিখোলা তল্লাশি ফাঁড়িতে গত রোববার দুপুরে একটি অটোরিকশার যাত্রী গৃহবধূ রোমানার কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেন ওই পুলিশ সদস্যরা। গৃহবধূ এ ঘটনার প্রতিবাদ করলে এএসআই কামরুল তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চলে যেতে বলেন। রোমানা বিষয়টি ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিনকে জানান। পরে ওসির চাপে ওই পুলিশ কর্মকর্তা ছিনিয়ে নেওয়া টাকা ফেরত দেন।