তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জালাল উদ্দিন গতকাল রোববার ওই পরোয়ানা জারি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার এক নারী গত ১৬ জুলাই তাঁর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে এএসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালত অভিযোগ তদন্তের জন্য প্রথমে র্যাব-৯-কে নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হয়।
আরজিতে উল্লেখ করা হয়, ৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলম আরও দুজনকে নিয়ে পৌর এলাকার ভাদুঘরে ওই তরুণীর ভাড়া বাসার দরজা ধাক্কাতে থাকেন। তখন মেয়েটির মা চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। একপর্যায়ে জাহাঙ্গীর ও ওই দুজন জোর করে ঘরে ঢোকেন। পরে জাহাঙ্গীর ওই তরুণীকে ঝাপটে ধরেন। মেয়েটি চিৎকার শুরু করলে জাহাঙ্গীর তাঁকে থাপড় মারেন। মেয়েটি দৌড়ে বাড়ির ছাদে উঠে যান। জাহাঙ্গীরও তাঁর পিছু পিছু ছাদে গিয়ে আবার তাঁকে ঝাপটে ধরে ধর্ষণ করার চেষ্টা করেন। পরে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিয়ে তরুণীকে ছাদ থেকে ফেলে দেন। এতে তাঁর কোমর ভেঙে যায়। পরে তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাদী পক্ষের আইনজীবী শেখ নাজমুল সাকিব জানান, বিচার বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা মেলায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামে বদলি করা হয়। পরে আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করেন। গতকাল জাহাঙ্গীর আলমের আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।