এএসআইয়ের বিরুদ্ধে বৃদ্ধকে মারধর করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে এক বৃদ্ধকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার কুড়িয়াল গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই বৃদ্ধের নাম খৈমুদ্দিন (৮০)। তাঁর বাড়ি সাঁথিয়া উপজেলার কুড়িয়াল গ্রামে। খৈমুদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, ওই বৃদ্ধের সঙ্গে তাঁর ভাতিজা ছামাদ ও মোক্তারের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ছামাদের ছেলে জাহাঙ্গীর খৈমুদ্দিনের তিন ছেলে ও এক নাতির বিরুদ্ধে সাঁথিয়া থানায় মারধরের অভিযোগে মামলা করেন। শনিবার সাঁথিয়া থানার এএসআই ইলিয়াস ও কনস্টেবল আল মাহমুদ অভিযোগ তদন্ত করতে কুড়িয়াল গ্রামে গিয়ে আসামিদের পাননি। ফিরে আসার পথে খৈমুদ্দীনের সঙ্গে ইলিয়াসের দেখা হয়। বাড়িতে যাওয়ার কারণ জানতে চাইলে ইলিয়াস ক্ষিপ্ত হয়ে খৈমুদ্দীনের গলা টিপে ধরেন এবং ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এ সময় লোকজন এগিয়ে এলে ইলিয়াস ও আল মাহমুদ ওই স্থান ত্যাগ করেন। এ সময় খৈমুদ্দীন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এএসআই ইলিয়াস বলেন, ‘তদন্ত শেষে ফেরার পথে লাঠি দিয়ে মোটরসাইকেলের গতি রোধ করে দাঁড়ালে আমি খৈমুদ্দিনকে হাত দিয়ে সরিয়ে দিই। আমি খৈমুদ্দিনের ওপর কোনো নির্যাতন চালাইনি।’