এএসপি আজাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে। ১৮ এপ্রিল এ-সংক্রান্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।প্রতারণা করে দ্বিতীয় বিয়ে, বাড়ি লিখে দেওয়ার জন্য স্ত্রীকে অত্যাচার, অপহরণ এবং শেষে হত্যাচেষ্টার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে এএসপি আজাদের বিরুদ্ধে আদালতে তিনটি মামলা করেন স্ত্রী আনোয়ার-ই তাসলিমা। গত ২২ মার্চ প্রথম আলোয় ‘একজন এএসপির বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। আনোয়ার-ই তাসলিমা এএসপি আজাদের শাস্তি চেয়ে পুলিশ সদর দপ্তরে লিখিত আবেদনও করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযোগগুলো তদন্তের দায়িত্ব দেওয়া হয় বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক ভানু লাল দাসকে।জানতে চাইলে অতিরিক্ত উপমহাপরিদর্শক ভানু লাল দাস বলেন, এএসপি আজাদের আচরণ পুলিশ বাহিনীর মান-মর্যাদা ক্ষুণ্ন করেছে। পুলিশের কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করে প্রতিবেদন দেওয়া হয়েছে।তদন্ত প্রতিবেদনের ব্যাপারে ভানু লাল বলেন, অভিযোগকারী, অভিযুক্ত ব্যক্তিসহ কয়েকজনের সাক্ষ্য নেওয়া হলেও বেশ কয়েকজন সাক্ষ্য দেননি। হুমকি-ধমকি ও নিরাপত্তাহীনতার কারণে তাঁরা সাক্ষ্য দিতে যাননি বলে সাক্ষীরা তাঁকে জানিয়েছেন। জানতে চাইলে আনোয়ার-ই তাসলিমা বলেন, ‘আমাকেসহ সব সাক্ষীকে বরিশালের ডিআইজি কার্যালয়ে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আমরা ঢাকার মিরপুর ডিসির কার্যালয়ে সাক্ষ্য নেওয়ার আবেদন করেছিলাম। কিন্তু ডিসির কার্যালয়ে শুধু আমার সাক্ষ্য নেওয়া হয়েছে।’তদন্তকারী সূত্র জানায়, অভিযুক্ত এএসপি আবুল কালাম আজাদ তদন্তকারীর কাছে প্রথমে স্ত্রী তাসলিমাকে চেনেন না বলে দাবি করেছেন। পরে বলেছেন, তাসলিমাই তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তদন্তকারী কর্তৃপক্ষ জবাবে তাঁকে বলেছেন, ফেইসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন ঘটনায় জড়ানো একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে আশা করা যায় না। অভিযোগ সত্য ধরে নিলেও তা অভিযুক্ত কর্মকর্তার পক্ষে আসে না। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে যাচাই-বাছাই না করে তিনি কেন তাসলিমাকে বিয়ে করলেন? এরপর একের পর এক ঘটনায় জড়িয়ে তিনি তো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ ধরনের আচরণ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকেই সমর্থন করে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর কাছ থেকে এমন আচরণ কাঙ্ক্ষিত নয়। অতিরিক্ত উপমহাপরিদর্শক ভানু লাল প্রথম আলোকে বলেন, সব দিক বিবেচনা করে প্রতিবেদনে এএসপি আজাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সুপারিশ করা হয়েছে। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে এএসপি আজাদ এই প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি তো আমার অথরিটি (কর্তপক্ষ) না, আপনার এত প্রশ্নের উদ্দেশ্য কী?’ পরে বলেন, ‘কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেয়, আমি মেনে নেব।’