পটুয়াখালীর বাউফল থানা হেফাজত থেকে এক আসামিকে ওসির কক্ষে নিয়ে নির্যাতনের অভিযোগ বিষয়ে ব্যাখ্যা জানাতে দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। এই দুই কর্মকর্তা হলেন পটুয়াখালীর বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম ও বাউফল থানার ওসি আযম খান ফারুকী।
২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় সশরীরে আদালতে হাজির হয়ে এই দুই কর্মকর্তাকে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন। একই সঙ্গে পুলিশের এই দুই কর্মকর্তা ও বাউফল থানার এসআই মো. ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
‘বাউফলে ওসির রুমে নির্যাতন’ শিরোনামে ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন অনুযায়ী, থানাহাজত থেকে এক আসামিকে (হাফিজুর রহমান বিজয়) ওসির কক্ষে নিয়ে নির্যাতন করা হয়েছে। হাফিজুরের বাড়ি কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে। বিজয়ের মা জোসনা বেগম অভিযোগ করেন, রোববার সন্ধ্যার দিকে একটি মামলায় তাঁর ছেলে হাফিজুর রহমান বিজয়কে বাউফল থানার এসআই ফেরদৌস গ্রেপ্তার করে করে থানায় নিয়ে আসেন এবং ওই দিন রাত ১২টার পর তাঁকে থানাহাজত থেকে বের করে ওসির রুমে এনে শারীরিক নির্যাতন করেন।
এই প্রতিবেদন যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জোসনা বেগম ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন, এর ওপর গতকাল শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও মোহাম্মদ ফারুক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
রুলে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ১৩ ফেব্রুয়ারি হাফিজুর রহমান নামের ব্যক্তিকে বেআইনি নির্যাতন কেন সংবিধান পরিপন্থী ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৩ সালের নির্যাতন এবং হেফাজত মৃত্যু (নিবারণ) আইনের বিধান অনুসারে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।