নরসিংদীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. হেলাল উদ্দিনকে গত মঙ্গলবার নোয়াখালীতে বদলি করা হয়েছে। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যাকাণ্ডের পর দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য তাঁদের প্রত্যাহার ও বদলি করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। এর আগে একই কারণে পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবিরকে প্রত্যাহার এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বিজয় বসাককে বদলি করা হয়। এই প্রত্যাহার ও বদলির ঘটনায় জেলা পুলিশ প্রশাসনে আতঙ্ক বিরাজ করছে বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন। পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে নরসিংদী পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওসি আনোয়ারকে নরসিংদী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকার সবুজবাগ থানার ওসি আসাদুজ্জামান। অন্যদিকে গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক পত্রে এএসপি হেলালকে নরসিংদী থেকে নোয়াখালীতে বদলি করা হয়েছে।সূত্র জানায়, লোকমান হত্যা মামলাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেন। এরই পরিপ্রেক্ষিতে খন্দকার মহিদ উদ্দিনকে পুলিশ সুপারের এবং সুব্রত হালদারকে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়। সদ্য প্রত্যাহার হওয়া ওসি আনোয়ার বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদার দুপুরে আসাদুজ্জামানকে থানায় নিয়ে আসেন। পুলিশ সুপার আমাকে প্রত্যাহার ও আসাদুজ্জামানকে থানার ওসির দায়িত্ব দেওয়ার বিষয়টি জানান। এরই পরিপ্রেক্ষিতে আমি আসাদকে থানার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি।’মন্ত্রীর জনসভা স্থগিত: আওয়ামী লীগ ও ছাত্রলীগ সূত্র জানায়, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু প্রতি সপ্তাহে দুই দিন নরসিংদীতে অবস্থান করতেন। কিন্তু লোকমান হত্যা মামলায় মন্ত্রীর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চু আসামি হওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনার ২৩ দিন পার হলেও তিনি নরসিংদী আসেননি। আগামী শনিবার তাঁর নির্বাচনী এলাকা রায়পুরার সেরাজনগর উচ্চবিদ্যালয় মাঠে মন্ত্রীর জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রলীগের কর্মসূচির মুখে তা স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এম কাইয়ুম সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত মেয়র লোকমানের হত্যাকারীদের বিচারের দাবিতে শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থেকে ভৈরব পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া একই দাবিতে রায়পুরার পৃথক তিনটি স্থানে শোকসভার আয়োজন করা হবে।অপরদিকে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন বলেন, এলাকার উন্নয়ন ও মহান বিজয় দিবস সামনে রেখে সেরাজনগর উচ্চবিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু স্থানীয় নেতা-কর্মীরা জনসভাটি এখন না করে ১৬ ডিসেম্বর আয়োজনের পরামর্শ দেন। এ কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।গত ১ নভেম্বর নরসিংদী পৌর মেয়র লোকমান মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে মন্ত্রী রাজিউদ্দিনের ছোট ভাই ও সহকারী একান্ত সচিবসহ ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত একজন ও সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ।