এএসপির বদলি ঠেকাতে শিক্ষার্থীদের মানববন্ধন!
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহনেওয়াজ খালেদের বদলির আদেশ বাতিলের দাবিতে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন হয়েছে। এতে অংশ নিয়েছে উঠতি বয়সের তরুণ ও শিক্ষার্থীরা।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের কোর্ট সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপারের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহনেওয়াজ খালেদ ২০১৩ সালের ৩ নভেম্বর নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হিসেবে যোগদান করেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে স্থানীয় সাংসদ ও জনপ্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় গত ১২ মার্চ তাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের খাগড়াছড়ির মহালছড়িতে বদলির আদেশ হয়। বদলির আদেশের খবরে গতকাল বেলা ১১টায় শহরের বিলাসদী এলাকার কোর্ট সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা বেশির ভাগই স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও উঠতি বয়সের তরুণ।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বেশির ভাগই নরসিংদী শহরের বাসিন্দা নয়। তারা সদর উপজেলার পাঁচদোনা, পলাশ উপজেলার ডাঙ্গা এলাকা থেকে এসেছে।
মানববন্ধনে অংশ নেওয়া পাঁচদোনা স্যার কে জি গুপ্ত উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শাখার শিক্ষার্থী শাওন মিয়া ও হিমেল মিয়া জানায়, স্থানীয় কাইয়ুম নামের এক তরুণের কথায় তারা মানববন্ধনে এসেছে।
একই বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার রাজন মিয়া, রাজীব মিয়া, ব্যবসায় শিক্ষা শাখার তামিম মিয়া বলে, ‘আমরা আমাদের বন্ধু হিমুর সঙ্গে মানববন্ধনে এসেছি।’
বিদ্যালয় চলাকালে তোমরা কীভাবে এসেছ? এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলে, ‘কীভাবে আর? ক্লাস না করে বাসে করে চলে আসছি। বাড়ি থেকে জানলে তো আর এখানে আসতে দিত না।’
তবে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে অংশ নেওয়ার বিষয়ে কিছুই জানেন না দাবি করে স্যার কে জি গুপ্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ বলেন, ‘স্কুলে পূর্ণ ক্লাস হয়েছে। কেউ যদি গিয়ে থাকে, তাহলে বাড়ি থেকে গেছে। স্কুল থেকে নয়।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, শাহনেওয়াজ খালেদের শ্বশুরবাড়ি নরসিংদী শহরের বিলাসদীতে; যা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ১০০ মিটারের দূরত্বে। কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশের ক্ষেত্রে নিজ ও শ্বশুরবাড়ি এলাকায় দায়িত্ব পালন করতে পারেন না। কিন্তু শাহনেওয়াজ খালেদ নরসিংদীতে যোগদানের পর সরকারি পদকে ব্যবহার করে অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন। এখন তাঁর বদলির আদেশে নিজেই মানববন্ধন করাচ্ছেন।
এএসপি শাহনেওয়াজ খালেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বদলির আদেশ সম্পর্কে শুনতে পেয়েছি। কিন্তু কেন বদলি করা হয়েছে, তা আমার জানা নেই।’ মানববন্ধন সম্পর্কে তিনি বলেন, ‘স্থানীয় লোকজন হয়তো আমার কর্মকাণ্ডে খুশি, তাই আমার বদলির আদেশে তাঁরা খুশি হতে পারেন নাই। তাই তাঁদের যা ভালো মনে করেছে, তাই করেছেন। মানববন্ধন তো আর আমি করাই নাই।’
পুলিশ সুপার আমেনা বেগম বলেন, শাহনেওয়াজ খালেদের বদলির আদেশে শুধু জনস্বার্থে বদলি করা হয়েছে উল্লেখ করা আছে। অন্য কোনো কারণ উল্লেখ নেই।