এএসপির বিরুদ্ধে কনস্টেবল পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে দুই পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে সদ্য যোগ দেওয়া সহকারী পুলিশ সুপার কানিজ ফাতেমার বিরুদ্ধে। তিনি এর আগে ময়মনসিংহের কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। তিনি ঈদুল আজহার দুই দিন আগে গাজীপুরে যোগ দিয়েছেন।গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের গায়ে হাত তোলা ঠিক নয়। দেশে তো আইন আছে। তিনি কেন তাঁদের লাঞ্ছিত করেছেন, বিষয়টি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাটি সত্য প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নির্ধারিত পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম ও চালক মো. হাসান ওই পুলিশ কর্মকর্তা কানিজ ফাতেমার বিনা অনুমতিতেই গাড়িতে জ্বালানি ভরে নিয়ে আসেন। জ্বালানি ভরে নিয়ে আসতে বিলম্ব হওয়ায় চালক হাসানকে ওই সহকারী পুলিশ সুপার শারীরিকভাবে লাঞ্ছিত এবং জহিরুলকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে ওই খবর গাজীপুর পুলিশ লাইনে ছড়িয়ে পড়লে ব্যাপক অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। কানিজ ফাতেমা প্রথম আলোকে বলেন, ‘ওই দুই কনস্টেবলকে বকাঝকা করা হয়েছে। তাঁদের পেটানোর যে খবর ছড়িয়েছে, সেটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ তিনি আরও বলেন, ওই দুই কনস্টেবলের সঙ্গে যেটা হয়েছে সেটা আমাদের কাজের নিয়মিত রুটিন। এ ব্যাপারে হাসান ও জহিরুলের কাছে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তাঁরা মুঠোফোন বন্ধ করে দেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জহিরুল ও হাসানের লিখিত বক্তব্য নেওয়া হয়েছে।