গাজীপুরে গতকাল বুধবার এক ঝুট ব্যবসায়ীর তিনটি ট্রাক আটকে এক এএসপিসহ পুলিশের তিন সদস্য ছয় লাখ টাকা চাঁদা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় দুই এসআইকে প্রত্যাহার করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঝুট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান শ্রীপুর এলাকার একটি কারখানা থেকে ঝুট কেনেন। তিনি গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে ওই ঝুট তিনটি ট্রাকে করে টঙ্গী ও কালীগঞ্জ এলাকায় দুটি গুদামে নিচ্ছিলেন। পথে সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও মহব্বত কবির ট্রাক তিনটি আটক করেন। পরে ট্রাক তিনটি ভোগরা পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কানিজ জাহান মামলায় জড়ানোর ভয় দেখিয়ে সিদ্দিকুরের কাছ থেকে ছয় লাখ টাকা নেন। এরপর ভোর ছয়টার দিকে ট্রাক তিনটি ছেড়ে দেওয়া হয়। সকালে ঘটনাটি জানাজানি হয়ে যায়।প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এসপি মো. আবদুল বাতেন এসআই কামরুল ও মহব্বতকে প্রত্যাহার করেন। তাঁদের গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ওই এএসপির জড়িত থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক সভা হয়। সেখানে অনেক কর্মকর্তা উপস্থিত থাকলেও ওই এএসপি ছিলেন না।সিদ্দিকুর রহমান বলেন, ‘এএসপি কানিজ জাহানের নির্দেশে ওই দুই এসআই আমার ঝুটবাহী ট্রাক তিনটি আটক করেন। তাঁরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দেনদরবার করে ছয় লাখ টাকা দিয়ে মালসহ ট্রাক তিনটি ছাড়িয়ে নিই। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে লিখিত অভিযোগ করব।’নাম প্রকাশ না করার শর্তে জয়দেবপুর থানার পুলিশের এক কর্মকর্তা জানান, ঝুট ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া টাকার মধ্যে এএসপি কানিজ জাহান নিয়েছেন তিন লাখ এবং ওই দুই এসআই নেন দুই লাখ টাকা করে। বাকি এক লাখ টাকা কে নিয়েছে, তা জানা যায়নি।জানতে চাইলে এসআই কামরুল প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। সব এএসপি ম্যাডাম জানেন।’ যোগাযোগ করলে কৌশলে ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এসআই মহব্বত। তিনি বলেন, ‘ভাই, প্রত্যাহার হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছি। এ ব্যাপারে পরে কথা বলব।’জয়দেবপুর থানাধীন ভোগরা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এসআই মো. নাজমুল বলেন, ‘ঘটনাটি আমি জানি না। এএসপি ম্যাডাম জানেন।’ তবে ক্যাম্পে তিনটি ট্রাক নেওয়ার ঘটনা তিনি নিশ্চিত করেন।কানিজ জাহান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে এর আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। সবই সাজানো নাটক।’এসপি আবদুল বাতেন দুই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।