এএসপিসহ পুলিশের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়ায় এক ট্রাকচালকের সহকারীকে মারধরের জের ধরে শ্রমিকেরা সদর থানার সহকারী পুলিশ সুপারকে (এএসপি) মারধর করেছেন। এ সময় শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ ঘটনায় পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়। গতকাল বুধবার রাত আটটার দিকে শহর বাইপাস সড়কের পূর্ব মেড্ডা সার গুদাম এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের বিবরণ অনুযায়ী, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রাকচালক খোকন মিয়া শহরের মেড্ডা অস্থায়ী ট্রাকস্ট্যান্ডের সামনে ট্রাক রাখছিলেন। এ সময় কর্তব্যরত পুলিশের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ট্রাকচালক খোকনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। এ খবরে ট্রাক শ্রমিকেরা তাৎক্ষণিকভাবে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে দাঙ্গা পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। শ্রমিকদের ছোড়া ঢিল ও লাঠির আঘাতে সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম মাথায় ও বুকে আঘাত পান। সংঘর্ষের সময় পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়।
এ ঘটনায় একটি ট্রাকের চালকের সহকারী ইসহাক মিয়াকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, বিষয়টি নিয়ে শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু সাঈদ বলেন, ‘হাসপাতালে আনার পর এএসপির মাথায় সেলাই করা হয়েছে। তাঁর বুকের ডান পাশে ইটের আঘাত লেগেছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।’
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, ওই সড়কে যানজট লাগায় অটোরিকশা ও টেম্পোচালকের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ ঘটনাকে শ্রমিকেরা ভুল বুঝে সেখানে থাকা পুলিশের ওপর হামলা করেন।