এক অংশের ছায়া মাড়ায় না অপর অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি কার্যালয়। দুটি পৃথক কমিটি। দুই ভাগে বিভক্ত নেতা-কর্মীরা। পৃথকভাবে চলে দলীয় কার্যক্রম। এক অংশ সকালে মিছিল-মিটিং করলে অপর অংশ করে বিকেলে। কেউ কারও ছায়া মাড়ায় না। দেশব্যাপী নতুন আহ্বায়ক কমিটি গঠনের সময় থেকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে পাবনা জেলা বিএনপি।মূল অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিদ্রোহী অংশের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র কামরুল হাসান। অধিকাংশ নেতা-কর্মীর দাবি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করায় দলের মূল অংশের প্রতি নেতা-কর্মীরা আস্থা হারিয়ে ফেলেছেন। ফলে সুবিধাজনক অবস্থায় রয়েছে বিদ্রোহী অংশ।দলীয় একাধিক সূত্র জানায়, ক্ষমতায় থাকাকালে পাবনা জেলা বিএনপিতে কোনো বিরোধ ছিল না। নির্বাচনে পরাজিত বিএনপি যখন নতুন করে দল গোছাতে শুরু করে তখনই বিরোধ শুরু হয়। ২০০৯ সালের জুনে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেয় কেন্দ্রীয় বিএনপি। নির্দেশ অনুযায়ী, সভাপতি সিরাজুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জেলা কমিটি বিলুপ্ত করেন। গত ৯ জুন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে আহ্বায়ক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি থেকে বাদ পড়েন দলের বেশকিছু নেতা।একপর্যায়ে সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র কামরুল হাসানের নেতৃত্বে আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়া নেতা-কর্মীরা একত্র হন। তৈরি হয় বিদ্রোহী অংশ। এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কামরুল হাসান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুল হককে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। এতে বিদ্রোহী অংশের নেতা-কর্মীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। শহরে চলতে থাকে দফায় দফায় সংঘর্ষ, সংবাদ সম্মেলন, মিছিল-পাল্টা মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি। সংকট নিরসনে কেন্দ্রীয় বিএনপি উভয় পক্ষকে পৃথক দুটি কমিটি জমা দেওয়ার নির্দেশ দেয়। ২৫ জুন দলের দুই অংশ কেন্দ্রীয় বিএনপিকে দুটি পৃথক আহ্বায়ক কমিটি জমা দেয়। দুটি কমিটি সমন্বয় করে তৈরি হয় নতুন আহ্বায়ক কমিটি। এ কমিটিতে বিদ্রোহী অংশের নেতা সাইফুল ইসলাম ও কে এম মুসাকে নতুন যুগ্ম আহ্বায়ক করা হয়। কিন্তু বাদ পড়েন বিদ্রোহী অংশের অনেকে। বর্তমানে দুটি পৃথক কার্যালয়ে পৃথকভাবে চলছে দলীয় কার্যক্রম।জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিদ্রোহী অংশের নেতা ফেরদৌস মঞ্জু বলেন, নিজেদের ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দলের মূল অংশ ইচ্ছা করে পাবনা জেলা বিএনপির বিরোধ জিইয়ে রেখেছে। কেন্দ্রীয় বিএনপির কয়েকজন নেতার মদদে তাঁরা বিরোধ মীমাংসায় কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বিদ্রোহী অংশের প্রস্তাবিত সভাপতি আবদুস সামাদ খান প্রথম আলোকে বলেন, বিগত দিনগুলোতে পাবনা জেলা বিএনপিতে হামলা-মামলা, কমিটি-পাল্টা কমিটি, সংঘর্ষ-সংঘাত অনেক কিছুই হয়েছে। কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। এর নেপথ্যে একটি চক্র কাজ করছে। তাদের ইশারাতেই চলছে দলের মূল অংশের কার্যক্রম। এই অংশের নেতারা নিজেদের ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দলের প্রাথমিক সদস্য নন, এমন ব্যক্তিদের বিএনপিতে বড় আসন দিয়েছেন। ফলে ক্ষুব্ধ রয়েছেন দলের প্রবীণ, ত্যাগী ও উদ্যোমী নেতা-কর্মীরা। তাঁরা দলের এই অংশের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। বিগত পৌরসভা নির্বাচনে বিষয়টি পরিষ্কার হয়েছে। এ নির্বাচনে বিদ্রোহী অংশসমর্থিত মেয়র প্রার্থী কামরুল হাসানের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন মূল অংশের প্রার্থী সিদ্দিকুর রহমান।দলের মূল অংশসমর্থিত জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ প্রথম আলোকে বলেন, বিদ্রোহী অংশ নামধারীরা নিকৃষ্ট রাজনীতির সঙ্গে জড়িত। ওদের রাজনীতি দলের জন্য নয়, নিজেদের জীবিকার জন্য। বিদ্রোহী অংশ নাম ধারণ করে ওরা আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে। তাই দলের চেয়ে দলীয় পদ ওদের কাছে অনেক জরুরি।