এক অধ্যাপক দুই মেডিকেলে?
নাক, কান, গলার একজন চিকিৎসক একই সঙ্গে দুটি বেসরকারি মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান। বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালন নীতিমালায় বলা আছে, একজন চিকিৎসক বা শিক্ষক একসঙ্গে দুটি প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না।
অধ্যাপক ফিরোজ আহমেদ খান রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের প্রধান। তবে কাগজপত্রে দেখা যায় তিনি ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগেরও প্রধান।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একাধিক চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ফিরোজ খানসহ আরও তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রায় বছর দুই আগে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আকরাম হোসেন বলেন, ‘অভিযোগের চূড়ান্ত সুরাহা হয়নি। তবে বরখাস্ত অবস্থায় যা প্রাপ্য অধ্যাপক ফিরোজ খান তা নিয়মিত পান।’ অধ্যক্ষ আরও বলেন, ফিরোজ আহমেদ খান এখনো উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষক।
উত্তরা আধুনিক মেডিকেলের চাকরিতে ইস্তফা না দিয়েই ফিরোজ খান রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, বেসরকারি কলেজে এভাবে কাজ করতে সমস্যা নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও উন্নয়ন) এম এ রশিদ প্রথম আলোকে বলেন, ‘একজন চিকিৎসক বা শিক্ষকের একই সঙ্গে দুটি হাসপাতাল বা কলেজে সার্বক্ষণিক কাজ করার সুযোগ নেই, সম্ভব না। তবে খণ্ডকালীন কাজ করতে পারেন।’ তিনি বলেন, অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।