বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চর্ম ও যৌন ব্যাধি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেছেন একই বিভাগের এক অবৈতনিক (অনারারি) চিকিৎসা কর্মকর্তা। এ অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৩ মে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।শ্লীলতাহানির অভিযোগ তদন্তে কমিটি গঠনের কথা নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিএসএমএমইউর সূত্র জানায়, ৪ মে চর্ম ও যৌন ব্যাধি বিভাগের এক অধ্যাপক একই বিভাগের অনারারি এক নারী চিকিৎসা কর্মকর্তার শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। ওই চিকিৎসা কর্মকর্তা পরদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে গতকাল শুক্রবার বেশ কয়েকবার চেষ্টা করেও ওই অধ্যাপক ও চিকিৎসা কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।সূত্র জানায়, বিএসএমএমইউর রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল গফুর এ অভিযোগ তদন্তে ৫ মে চার সদস্যের কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন। কমিটির সভাপতি করা হয়েছে বিএসএমএমইউর ফিজিওলজি বিভাগের অধ্যাপক নূরজাহান বেগমকে। কমিটির অন্য সদস্যরা হলেন নার্সিং অনুষদের ডিন সাহানা আখতার রহমান এবং নাক, কান ও গলা বিভাগের চেয়ারম্যান আবু সফি আহমেদ আমিন। কমিটির সদস্যসচিব হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এস এম জাকারিয়া।