এক অনামিকার বাঁচার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ফাইল ছবি।
প্রথম আলোর ফাইল ছবি।

জন্ম কোথায় কে বলবে? নবজাতক কন্যাশিশুটি পড়ে ছিল নর্দমার পাশে এক রাস্তায়। মায়ের পেট থেকে পড়েই কী নির্মমতা! ওয়া-ওয়া করে কাঁদছিল। সে কান্নায় পাষণ্ড গলে, আর তো মানুষ! এক নারী তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ গেল। তারা তাকে নিয়ে গেল হাসপাতালে। এখন ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগে বাঁচার জন্য লড়ছে এই অনামিকা।

২ অক্টোবর সকালে ঢাকার খিলগাঁও এলাকায় পলিথিনের শপিং ব্যাগের ভেতর পাওয়া যায় শিশুটিকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই দিন সকালে শিশুটিকে খিলগাঁওয়ে সি ব্লকের একটি বাসার সামনে নর্দমার পাশে শপিং ব্যাগে রেখে যান কালো বোরকা পরা এক নারী। সে দৃশ্য আশপাশের অনেকেই দেখেন। বোমা বা ক্ষতিকর কোনো বস্তু ভেবে প্রথমে ভয়ে কেউ কাছে যায়নি। পরে শপিং ব্যাগ থেকে কান্নার শব্দ শুনে শাহনূর বেগম ওরফে খুকি নামের স্থানীয় নারী শিশুটিকে কোলে তুলে নেন। ঘটনা দেখে অনেকে ভিড় জমায়। তারা পুলিশে খবর দেয়।

নবজাতকের শরীরের সঙ্গে মায়ের নাড়ি লেগে ছিল। জন্ম নেওয়ার পরপরই তাকে ব্যাগে ভরে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়। তবে ওর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে জানায় পুলিশ।

ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো মা-বাবার সন্ধান মেলেনি। জন্মের পর শিশুটির শারীরিক ধকল কাটেনি। তাই এখনো বেশ অসুস্থ। নবজাতক বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে।

শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতালের অধ্যাপক মনীষা ব্যানার্জি প্রথম আলোকে বলেন, ‘বাচ্চাটি এখনো খাবার খেতে পারছে না। আমরা দুবার খাবার খাওয়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু খাবার খেলে ওর পেট ফুলে যাচ্ছে।’

সুস্থতার জন্য কন্যাশিশুটির শরীরে রক্ত দেওয়া হয়েছে জানিয়ে মনীষা ব্যানার্জি বলেন, আসলে জন্মের পরপরই মেয়েটিকে ফেলে দেওয়া হয়। যখন হাসপাতালে নেওয়া হয়, তখন ওর শরীরে জন্ডিস ছিল। এখনো রক্তে সংক্রমণ রয়েছে। কিছুদিন আগে ওর শরীর খারাপ হয়েছিল। আবার এখনো যে খুব ভালো, তা নয়। তবে যতটা খারাপ হয়েছিল, তার চেয়ে একটু ভালো। এখনো স্যালাইন দেওয়া হচ্ছে।

শিশুটির বাবা-মা খোঁজ নিতে এসেছিলেন কি না—জানতে চাইলে মনীষা ব্যানার্জি বলেন, এখনো ওর মা-বাবা খোঁজ নিতে আসেননি। ওর পরিচয় ও জন্ম–পরিচয়ও পাওয়া যায়নি। অনেক নিঃসন্তান দম্পতি বাচ্চাটিকে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।

নিজের মা-বাবা খবর না নিলেও অনেকে সন্তান হিসেবে শিশুটিকে নিতে চাইছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১০ দম্পতি কন্যাশিশুটিকে দত্তক নিতে চেয়েছেন। তাঁরা সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে আবেদন করেছেন।

শিশুটি অসুস্থ হওয়ায় হাসপাতালে দেওয়া হয়েছে বলে জানান খিলগাঁও জোনের সহকারী কমিশনার নাজিয়া জুঁই। সাধারণ ডায়েরি (জিডি) করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। শিশুটির মা-বাবা কে, তা জানা যায়নি।