এক অনুষ্ঠানে আট জাতীয় অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারের টাকা চুরি করে সিনেমা দেখা, পালিয়ে ফুটবল খেলা—এ রকম আরও অনেক দুরন্তপনা কৈশোরে অনেকের মাঝেই থাকে। তবে জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের কৈশোরে এসব নেশা।গতকাল শুক্রবার রাজধানীর সেন্ট্রাল হসপিটালে আয়োজিত ‘জাতীয় অধ্যাপকদের সম্মিলনী’তে নিজের কৈশোরের স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলেন মুস্তাফা নূরউল ইসলাম। এসব দুরন্তপনার জন্য বাসায় শাস্তি পাওয়া, স্কুলে ‘নিল ডাউন’ দেওয়াসহ নানা স্মৃতি তুলে ধরেন জাতীয় এই অধ্যাপক।হাসপাতাল কর্তৃপক্ষ জাতীয় অধ্যাপকদের মিলনমেলার আয়োজন করে বেশ আনন্দিত ও গর্বিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটজন জাতীয় অধ্যাপক, তাঁদের অর্ধেক সাবেক। সাবেক জাতীয় অধ্যাপকদের মধ্যে কবীর চৌধুরী, এম আর খান, এ কে এম আমিনুল হক, তালুকদার মনিরুজ্জামান এবং এই সরকারের আমলে মনোনীত পাঁচজন জাতীয় অধ্যাপকের মধ্যে সরদার ফজলুল করিম, মুস্তাফা নূরউল ইসলাম, রঙ্গলাল সেন ও শাহেলা খাতুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।জাদু, গান, স্মৃতিচারণে আনন্দঘন ছিল পুরো আয়োজন। শুরুতে জাতীয় অধ্যাপকদের বরণ করে নেওয়া হয় জাদুর ফুল দিয়ে। এরপর তাঁদের সম্মাননা জানাতে উত্তরীয় পরিয়ে দেন অর্থমন্ত্রী। স্বাগত বক্তব্যে অধ্যাপক এম আর খান বলেন, এখন মানুষের মতো মানুষ গড়া সবচেয়ে বেশি দরকার। ময়মনসিংহের রিকশাচালক জয়নালের হাসপাতাল করার কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজে এখনো অনেক পরহিতৈষী মানুষ আছেন। তাঁদের অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।স্মৃতিচারণ করতে গিয়ে তিনি তাঁর কারাবরণের বর্ণনা দিয়ে বলেন, ‘অনেকে বলে, জেলখানায় যাওয়া আমার জন্য সাপে বর হয়েছে। জেলে না গেলে চিকিৎসক হতাম না, হয়তো ইউনিয়নের চেয়ারম্যান বা সাংসদ হতাম।’প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, যারা জাতির জন্য অবদান রাখেন, তাঁদের সম্মান জানানোর জন্য বঙ্গবন্ধু জাতীয় অধ্যাপক মনোনীত করার ধারা প্রচলন করেছিলেন। এই জাতীয় অধ্যাপকেরা জাতিকে দিকনির্দেশনা দেবেন, রাস্তা দেখাবেন, গবেষণা করবেন, মননের বিকাশে অবদান রাখবেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেন্ট্রাল হসপিটালের কো-চেয়ারম্যান মতিউর রহমান বক্তব্য দেন।