এক অবহেলিত জনপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি অনুন্নত ও পিছিয়ে পড়া জনপদ নবীনগর পূর্ব ইউনিয়ন। জেলা ও উপজেলা শহর থেকে সড়কপথে এই ইউনিয়নের যাওয়ার সুযোগ নেই। ইঞ্জিনচালিত নৌকা, লঞ্চ বা স্পিডবোটই যোগাযোগের একমাত্র মাধ্যম। চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগও নেই এখানে।
ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, তিতাস নদের পূর্বদিকে প্রায় ৩ হাজার ৫৩৭ একর জায়গা নিয়ে গঠিত নবীনগর পূর্ব ইউনিয়ন। জেলা শহর থেকে দেড়-দুই ঘণ্টা তিতাস নদ পাড়ি দিয়ে এখানে আসতে হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এখানে প্রায় ১৫ হাজার লোক বাস করে। ইউপি চেয়ারম্যান আবুল খায়ের ওরফে বারী গত ২০ জানুয়ারি মারা যান। ইউপি সদস্য চান মিয়া বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এখানে মাত্র তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় আছে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ইউনিয়নে যেতে নবীনগর লঞ্চঘাট থেকে এক কিলোমিটার দূরে করিম শাহ মাজার নদীর ঘাটে যেতে হয় এই প্রতিবেদকে। সেখান থেকে নদী পার হতে ইঞ্জিনচালিত নৌকায় উঠে কয়েকজন খুদে শিক্ষার্থী। তারা নবীনগর উপজেলার মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী। এদের মধ্যে চতুর্থ শ্রেণির রাকিব মিয়া ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার বলে, নদীর পশ্চিম পাড়ের স্কুল ভালো। তাই সেখানে ভর্তি হয়েছে। পাড় থেকে শুরু বগডহর গ্রাম। নদীঘাট থেকে বগডহর বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারের পাকা সড়কটি ছাড়া গ্রামের অধিকাংশই মাটির রাস্তা। এই রাস্তায় শুধু মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করে। অধিকাংশ বসতঘরই টিনের তৈরি।
মোটরসাইকেলচালক মো. শাহজালাল বলেন, বর্ষাকাল এলে এই রাস্তাটি পানিতে তলিয়ে যায়। তখন নৌকাই থাকে একমাত্র ভরসা। শাহজালালসহ আরও কয়েকজন চালক বলেন, বছরে ছয় মাস তাঁরা মোটরসাইকেল চালিয়ে টাকা রোজগার করেন। বর্ষাকালে বসে থাকতে হয়।
বগডহর গ্রামের মোস্তাফিজুর রহমান, আতিকুল ইসলাম ও জাকারিয়া বলেন, ইউনিয়নে নেই কোনো মাধ্যমিক স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্র। ইউনিয়নের বগডহর (উ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একমাত্র ভরসা। কারণ সেখানে ছেলেমেয়েরা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন লোক বলেন, ইউনিয়নটি সম্পূর্ণ অবহেলিত। কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের নদী পার হয়ে উপজেলা সদরে যেতে হয়।
আজ বৃহস্পতিবার এই ইউপিসহ উপজেলার ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২০ জন ও সংরক্ষিত মহিলা আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী শামীম রেজা, বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্প্রতি প্রয়াত ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বারীর স্ত্রী মৌসুমী আক্তার, জাতীয় পার্টির প্রার্থী আল-আমীন।
নির্বাচন সম্পর্কে জানতে চাইলে কয়েকজন বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর স্বামী সাবেক চেয়ারম্যান এলাকার উন্নয়ন করেছেন। তাই আওয়ামী লীগের বিদ্রোহীর সঙ্গে দলীয় প্রার্থীর মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন বলেন, ‘এই ইউনিয়ন নানা দিক থেকে অবহেলিত। জয়ী হলে এটিকে একটি উন্নত ইউনিয়নে পরিণত করব।’