এক অরুণেই ২১ বছর

১৯৯৩ সালে কলেজে ভর্তি হওয়ার পর ছাত্রলীগের নেতৃত্বে হাতেখড়ি। ছাত্রত্ব শেষ হয়েছে প্রায় এক দশক আগে। তবে নেতৃত্ব ছাড়েননি। প্রায় ২১ বছর সিলেটের মদনমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা অরুণ দেবনাথ।
গত বছরের ২৪ সেপ্টেম্বর অরুণসহ কয়েকজন ছাত্রনেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ভর্তির প্রায় ৭০ লাখ টাকা লোপাটের তথ্য প্রকাশ করেন স্থানীয় সাংসদ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর পর থেকে মদনমোহন কলেজে আলোচিত হতে থাকেন ছাত্রলীগ ও ছাত্রদলের সভাপতির দায়িত্বে থাকা অরুণ দেবনাথ ও কাজী মেরাজ।
মদনমোহন কলেজে শিক্ষার্থীদের বেতনসহ পরীক্ষার ফি একসঙ্গে এক বছরে নেওয়া হয়। এক হাজার ১১৮ জন শিক্ষার্থীর বছর শেষে জনপ্রতি আট হাজার টাকা করে ৮৯ লাখ ৪৪ হাজার টাকা জমা পড়ার কথা থাকলেও সেখানে ৩০ লাখ টাকা জমা পড়ে। ওই হিসাব থেকে ৫৯ লাখ ৪৪ হাজার টাকাসহ ৭০ লাখ টাকা শিক্ষার্থীদের নামে বকেয়া পড়ে রয়েছে। অভিযোগ রয়েছে, ওই টাকা শিক্ষার্থীদের কাছ থেকে কয়েক ধাপে গ্রহণ করে কলেজে জমা দেননি ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা। অরুণ ও মেরাজের নেতৃত্বে ১২ জন নেতা ওই টাকা হাতিয়ে নেন।
কলেজ সূত্র জানায়, অর্থমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের ভর্তির টাকা ফেরত চেয়ে কলেজের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়। পরে ভর্তি প্রক্রিয়ায় অনলাইন ও মুঠোফোনের খুদে বার্তাপদ্ধতি প্রচলন করায় ভর্তি-বাণিজ্যের পথ বন্ধ হয়।গত ২৬ জানুয়ারি পূজা উপলক্ষে অরুণ দেবনাথ মোটা অঙ্কের চাঁদা না পেয়ে অধ্যক্ষের দপ্তর ভাঙচুর করেন। এ ঘটনার পর পরিচালনা কমিটির সিদ্ধান্তে গত মঙ্গলবার অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ অরুণ দেবনাথকে প্রধান আসামি করে মামলা করেন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সদরখলা গ্রামে অরুণ দেবনাথের বাড়ি। ১৯৯৩ সালে তিনি মদনমোহন কলেজে এইচএসসিতে ভর্তি হন। এইচএসসি পাসের পর আর পোড়াশোনা করেননি। কলেজও ছাড়েননি। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ১৯৯৭ সালে নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য এবং ২০০০ সালে সভাপতি হন।
কলেজ ছাত্রলীগ-ছাত্রদলের একাধিক নেতা জানান, মদনমোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে ভর্তি-বাণিজ্য থেকে শুরু করে কলেজের যাবতীয় উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে অরুণের সঙ্গে ছাত্রদলের নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তিনি অংশ নেন। ২৬ জানুয়ারি অধ্যক্ষের দপ্তর ভাঙচুরের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে অরুণ ছাত্রদলকে সঙ্গী করেন। পরদিন অধ্যক্ষের অপসারণ দাবি করে একসঙ্গে মিছিলও করেন তাঁরা।
কাজী মেরাজ সম্পর্কের বিষয়টি অস্বীকার করেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থে আমরা এক থাকার চেষ্টা করি।’
২১ বছর নেতৃত্বে থাকা প্রসঙ্গে অরুণের দাবি, তিনি সংগঠন গোছানোর স্বার্থে নেতৃত্বে আছেন। ছাত্রদলের সঙ্গে সখ্য, ভর্তি-বাণিজ্যের অভিযোগ ও মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
ছাত্রলীগের সাংগঠনিক বিধি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিগুলোর নেতৃত্বে থাকা কারও ছাত্রত্ব শেষ হলে তাঁকে না রাখার বিষয়টি মহানগর কমিটিগুলো পর্যবেক্ষণের মধ্যে রাখে। কিন্তু অরুণের বেলায় মহানগর কমিটিগুলো উদাসীন ছিল।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারও স্বীকার করেন যে নানা কারণে কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি জানান, নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।