
মুঠোফোনের অ্যাপ্লিকেশনটির নাম ‘সিক্রেট ট্রেজার’। গেমের এ অ্যাপ খেলে খেলে গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞানের নানা বিষয় শেখা যাবে। এই সিক্রেট ট্রেজার বানিয়ে চার শিক্ষার্থী গুপ্তধনের মতোই জিতে নিলেন ১০ লাখ টাকা। এটি ইএটিএল-প্রথম আলো অ্যাপ্স প্রতিযোগিতা ২০১৪-এর প্রথম পুরস্কার। প্রতিযোগিতাটি শুরু হয় গত বছরের জুলাইয়ে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে চূড়ান্ত অনুষ্ঠানে সেরা ১০ অ্যাপ থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, দেশে প্রায় ১১ কোটি মানুষের হাতে মোবাইল ফোন। যাঁরা তথ্যপ্রযুক্তির সঙ্গে জড়িত তাঁদের সুযোগ দেওয়া প্রয়োজন।
ইউনিভার্সিটি অব এশিয়া-প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, ভালো অ্যাপ্স জনজীবনে স্বাচ্ছন্দ্য আনে। কোনো অ্যাপ যদি সাড়া জাগাতে পারে, তা দেশের অর্থনীতিতে সমৃদ্ধি আনবে।
আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব নজরুল ইসলাম খান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল-কবির, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রবির প্রধান আর্থিক কর্মকর্তা মাহতাবুদ্দিন আহমেদ, এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। সংগীত পরিবেশন করে ব্যান্ডদল চিরকুট।
প্রতিযোগিতার প্রধান বিচারক অধ্যাপক মো. কায়কোবাদ ফলাফল ঘোষণা করেন। প্রথম পুরস্কার বিজয়ী দলের সদস্যরা হলেন আশীষ কুমার চন্দ, মফিজুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়), অনিক ইসলাম (এআইইউবি) ও তৌহিদুল ইসলাম (নর্দান ইউনিভার্সিটি)।
লুডু খেলার অ্যাপ বানিয়ে দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা জিতেছেন আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনিক সাহা, মোহাম্মদ আরমান, মঈনুল হাসান ও আসিফ মুজতবা। ইংরেজি শেখার অ্যাপ ড্র্যাগ অ্যান্ড ড্রপ বানিয়ে দুই লাখ টাকার তৃতীয় পুরস্কার পেয়েছেন শেখ তানভির আহমেদ ও অনিক চৌধুরী (বুয়েট) এবং মোহাম্মদ আশরাফুজ্জামান ও মো. জাওয়াদ উদ্দিন আহমেদ (ঢাকা বিশ্ববিদ্যালয়)। ইএটিএল ও প্রথম আলো আয়োজিত এ প্রতিযোগিতার কৌশলগত অংশীদার সরকারের আইসিটি বিভাগ, এক্সক্লুসিভ টেলিকম পার্টনার রবি, পৃষ্ঠপোষক রূপালী ব্যাংক, মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং রেডিও পার্টনার এবিসি।