এক আনসার সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৬১

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজানীতে একজন আনসার সদস্য মারা গেছেন। আবদুল মজিদ নামের ওই অঙ্গীভূত আনসার প্লাটুন কমান্ডার গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি ভাটারা থানায় কর্মরত ছিলেন।
এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আনসার সদস্যের মৃত্যু হলো।
এদিকে আজ মঙ্গলবার পর্যন্ত সারাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১৬১ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর ছয়টি হাসপাতাল এবং দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার আনসার প্লাটুন কমান্ডার মো. আবদুল মজিদ (৪৫) ভাটারা থানায় কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়া হয়। ওইদিন বেলা একটা ৫০ মিনিটে সেখানে তার মৃত্যু হয়। তার মরদেহের নমুনা সংগ্রহ করা করে পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কানুপুরে। তার বাবার নাম মো. আবদুর রহমান।
আনসার ও ভিডিপি সদর দপ্তরের উপপরিচালক (গণমাধ্যম) মেহেনাজ তাবাসসুম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে আনসার বাহিনীর একজন উপ মহাপরিচালক, একজন নার্সিং সহকারী, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভুত আনসার ও একজন নারী আনসার রয়েছেন। তারা আনসার সদর দপ্তর, জাতীয় সংসদ ভবন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও দেশের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন।