এক আমন্ত্রণপত্রের ৪৮টি সংস্করণ
অনুষ্ঠানটি ঘোড়দৌড় প্রতিযোগিতার। আমন্ত্রণপত্রে বিশেষ অতিথি হিসেবে শুধু নিজের নাম। দেখে খুশি হয়ে বেশি করে চাঁদাও দিয়েছেন। পরে দেখলেন আরও ৪৭ জন এই আমন্ত্রণপত্র পেয়েছেন। অর্থাৎ সবার নামে আলাদা আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে এক ঘোড়দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রিত ৪৮ জন অতিথিকে আলাদা আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। যাঁকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে, ওই পত্রে বিশেষ অতিথির জায়গায় শুধু তাঁর নামই ছাপা হয়েছে। বিষয়টি অতিথিদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ এলাকায় কাল বুধবার বেলা একটায় ঘোড়দৌড় হবে। ওই এলাকার মিয়াপাড়া যুব সমবায় সমিতির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান।
স্থানীয় ব্যক্তিরা বলেন, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতার খরচ তুলতে কৌশলে ৪৮ জনকে বিশেষ অতিথি করা হয়েছে। সব অতিথিকে খুশি করতে ও বাড়তি টাকা আদায়ের জন্য ৪৮ জনের নামে ভিন্ন ভিন্ন আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। আমন্ত্রণপত্রে শুধু নিজের নাম দেখে অনেকে আয়োজকদের বেশি টাকা দেন।
কয়েকটি আমন্ত্রণপত্রে দেখা যায়, প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও উদ্বোধক উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদারের নাম ঠিক রেখে বিশেষ অতিথির নাম পরিবর্তন করা হয়েছে।
বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, ‘আমার চিঠিতে সাংসদের নামের পরেই আমার নাম লেখা হয়েছে অথচ অন্য ৪৭টি পত্রে আমার নাম নেই। অন্য কারও নাম। ওই সব আমন্ত্রণপত্রে আমাকে অপমান করা হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ বলেন, তাঁর চিঠিতেও তাঁর নাম আছে। আর কারও নাম নেই।
চতলবাইদ মিয়া পাড়া যুব সমবায় সমিতির প্রধান উপদেষ্টা মো. ইব্রাহিম মিয়া গতকাল মুঠোফোনে বলেন, এ ধরনের চিঠি করা ঠিক হয়নি।