এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছাত্রলীগের সাবেক নেতা জগৎজ্যোতি তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ফখরুল ইসলাম (২৪) ছাত্রশিবিরের কর্মী। গতকাল রোববার ভোরে তাঁকে নগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বাসায় আত্মগোপন করে ছিলেন। ২ মার্চ রাতে সিলেটের আখালিয়া এলাকায় জগৎজ্যোতিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসাইন জানান, ফখরুল মামলার ১৪ নম্বর আসামি। গণস্বাক্ষর, শোকসভা: জগৎজ্যোতির খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গণজাগরণ মঞ্চের পাশে ‘শহীদ জগৎজ্যোতি মঞ্চে’ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ঘাতক জামায়াত-শিবিরের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন জগৎজ্যোতি। রাজাকারমুক্ত বাংলাদেশ গড়া আর চিহ্নিত খুনিদের আইনের আওতায় এনে যথাযথ বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে জগৎজ্যোতি হত্যার বদলা নেওয়া হবে।’