এক আসামি গ্রেপ্তার তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে মারধরের ঘটনায় জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গতকাল বৃহস্পতিবার বিকেলে হাসপাতালটির গুলশান শাখার বাইরে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়৷

এদিকে হামলাকারী চিকিৎসক সফিউল আজমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে অধ্যাপক রশীদ ই মাহবুবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চিকিৎসকদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)৷ অভিযোগের সত্যতা পাওয়া গেলে কমিটি ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷ রশীদ ই মাহবুব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি৷

সাংবাদিক শিশির মোড়লের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ও হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুখেন্দ্র চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, থানায় মামলা হওয়ার পর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক (জনসংযোগ) আবু সুফিয়ান পলাতক ছিলেন৷ গতকাল তিনি একই মালিকানায় পরিচালিত হাসপাতালটির গুলশান শাখায় দায়িত্ব পালন করতে যান৷ এ খবর জানার পর বেলা সাড়ে তিনটার দিকে হাজারীবাগ থানার পুলিশ গুলশানের ওই হাসপাতালের সামনে অবস্থান নেয়৷ পরে হাসপাতালের কর্মকর্তাদের সহযোগিতায় সুফিয়ানকে ডেকে হাসপাতালের বাইরে এনে গ্রেপ্তার করা হয়৷

তদন্ত কর্মকর্তা বলেন, সুফিয়ানকে হাজারীবাগ থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ মামলার প্রধান আসামি সফিউল আজম পলাতক রয়েছেন৷ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷ ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে বরখাস্ত করেছে৷

গত মঙ্গলবার সংবাদ প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে রায়েরবাজার এলাকার শিকদার মেডিকেলে​র চিকিৎসক সফিউল আজম ও তাঁর সহযোগী আবু সুফিয়ানের মারধরের শিকার হন সাংবাদিক শিশির মোড়ল৷

সফিউল আজম সরকারি চাকরি না ছেড়ে শিকদার মেডিকেল কলেজে চাকরি করছেন এবং একই সঙ্গে একাধিক ডিগ্রি ব্যবহার করছেন বলে অভিযোগ আছে৷ অভিযোগের সত্যতা যাচাই করতে শিশির মোড়ল শিকদার মেডিকেলে যান৷ এর আগে তিনি টেলিফোনে মন্তব্য জানতে চাইলে সফিউলই তাঁকে সশরীরে শিকদার মেডিকেলে যেতে বলেন৷ যাওয়ার পর একাধিক ডিগ্রির বিষয়ে প্রশ্ন করা হলে শিশির মোড়লকে মারধর শুরু করেন সফিউল আজম৷ এরপর প্রায় আড়াই ঘণ্টা আটকে রেখে শিশির মোড়লের কাছ থেকে কাগজে সই করিয়ে নেওয়া হয়৷