এক আসামি নিজেকে আইএসের চর বলে দাবি করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলীতে একটি তল্লাশিচৌকিতে দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লাকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক আসামি। গতকাল বুধবার কামরাঙ্গীরচর থানার একটি মামলায় গ্রেপ্তার আসামি মাসুদ রানা ওরফে সুমন ওরফে মাহাদী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক তাঁর খাসকামরায় জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে মাসুদ রানা নিজেকে আইএসের চর হিসেবে দাবি করেছেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে গতকাল মাসুদকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ মাসুদের জবানবন্দি গ্রহণের আবেদন জানান। এ সময় ওই আসামি গত ২২ অক্টোবর গাবতলী তল্লাশিচৌকিতে কর্তব্যরত পুলিশসদস্য হত্যা ও হোসেনি দালানে হামলার পরিকল্পনার বর্ণনা করেন।
মাসুদ রানা জানান, তাঁর সঙ্গী নোমান ও রিপন আইএসের সদস্য। বাংলাদেশে তাঁরা আইএসের চর হিসেবে কর্মী সংগ্রহ করেন। তাঁরা তাঁকেসহ কয়েকজনকে গাজীপুরের জঙ্গলে নিয়ে যান।
মাসুদ রানা আরও জানান, নোমানকেই তাঁরা বস হিসেবে জানেন। সজীব ও হিরণের সঙ্গে তিনিও গত ২২ অক্টোবর ঢাকায় ফেরেন। গাজীপুর থেকে গাবতলীতে একটি তল্লাশিচৌকির সামনে পৌঁছালে এএসআই ইব্রাহিম মোল্লা হিরণের ব্যাগ তল্লাশি করতে চান। তখন হিরণ ওই পুলিশসদস্যকে একপাশে ডেকে নিয়ে যান। হিরণ পুলিশসদস্যকে তাঁর অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান। সজীবও পালিয়ে যান। কিন্তু জনতার কাছে তিনি ধরা পড়ে যান।
মাসুদ রানা জানান, হোসেনি দালানে হামলায় তাঁর অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য কয়েক দিন আগে হোসেনি দালানে গিয়ে ঘটনাস্থল দেখে এসেছেন। গ্রেপ্তার হওয়ার কারণে অন্যরা ওই হামলায় অংশ নিয়েছেন।