এক আসামির আইনজীবীর প্রতি আদালতের অসন্তোষ

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার তদন্তকারী কর্মকর্তাকে আসামিপক্ষের জেরার সময় একই প্রশ্নের পুনরাবৃত্তি করায় এক আসামির আইনজীবীর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ছিল সাত খুনের দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে আসামিপক্ষের জেরার তৃতীয় দিন। আদালত আগামী সোমবার জেরার পরবর্তী দিন ধার্য করেছেন।
গতকাল সকাল সাড়ে নয়টায় জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আদালতের কার্যক্রম শুরু করেন। কারাগারে আটক এ মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁরা কাঠগড়ায় গরাদের ভেতর ছিলেন।
নূর হোসেন অসুস্থ জানিয়ে তাঁকে গরাদের বাইরে বসতে দিতে আদালতে মৌখিক আবেদন জানান তাঁর আইনজীবী। আদালত তা নাকচ করেন।
এরপর আসামি র্যা বের সাবেক কর্মকর্তা লে. কর্নেল (চাকরিচ্যুত) তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবী মো. শাহাবুদ্দিন তাঁর অসমাপ্ত জেরা শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি তদন্তকারী কর্মকর্তাকে প্রশ্ন করেন, ‘র্যা বের তৎকালীন এডিজি (অপস) জিয়াউল আহসান গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ যাচাইয়ের জন্য এডিজির জবানবন্দি নিয়েছিলেন?’ জবাবে তদন্তকারী কর্মকর্তা বলেন, এ রকম নির্দেশের বিষয় জানা নেই। এরপর আইনজীবী প্রশ্ন করেন, ‘এডিজি অফিসে কনফারেন্সে সারা বাংলাদেশের সিও (কমান্ডিং অফিসার) থাকে। অন্য কোনো সিওকে জিজ্ঞেস করেছেন?’ এ প্রশ্নের ধরনে তদন্তকারী কর্মকর্তা বিরক্তি প্রকাশ করেন।
ওই আইনজীবী আবারও এ বিষয়ে প্রশ্ন করতে গেলে বিচারক বলেন, ‘আপনি কী প্রশ্ন করেন, তাতে তো আমিই কনফিউজড হয়ে যাই। আপনার মতো জ্যেষ্ঠ আইনজীবী এ রকম করলে কেমনে হবে।’
১০টা ৫০ মিনিটের দিকে আইনজীবী শাহাবুদ্দিন কয়েকজন সাক্ষীর বিষয়ে তদন্তকারী কর্মকর্তাকে প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো আগে মেজর (চাকরিচ্যুত) আরিফ হোসেনের আইনজীবীও করেছিলেন এবং সেই প্রশ্ন ও উত্তরগুলো তারেক সাঈদের আইনজীবী গ্রহণ করেছিলেন। বিচারক এ সময় শাহাবুদ্দিনকে বলেন, ‘আপনি নিজে পড়াশোনা করেন না। খামাখা সময় নষ্ট।’
জেরার একপর্যায়ে শাহাবুদ্দিন র্যা বের তৎকালীন এডিজি (অপস) জিয়াউল আহসানের সঙ্গে তারেক সাঈদের মুঠোফোনে কথাবার্তা নিয়ে প্রশ্ন করেন। তদন্তকারী কর্মকর্তা ও সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকন তখন বলেন, এই প্রশ্নগুলোও আগে করা হয়েছে। বিচারক তখন শাহাবুদ্দিনকে বলেন, ‘শেষ করেন, শেষ করেন। আগে থেকে প্রস্তুতি নিয়ে আসেন না। শুধু সময় নষ্ট।’
জেরার শেষ দিকে শাহাবুদ্দিন তদন্তকারী কর্মকর্তাকে বলেন, ‘আপনি ম্যাজিস্ট্রেটের কামরায় উপস্থিত থেকে তারেক সাঈদের জবানবন্দি...।’ এ সময় তাঁকে থামিয়ে বিচারক বলেন, ‘ম্যাজিস্ট্রেটের কক্ষে আইও থাকতে পারেন? আপনারা বিচারব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলবেন। যা ইচ্ছা তা করতে পারেন না।’ বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত জেরা করেন শাহাবুদ্দিন।
দুপুর ১২টায় জেরা শুরু করেন র্যা বের আরেক সাবেক কর্মকর্তা লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম এম রানার আইনজীবী ফরহাদ আব্বাস। তিনি তদন্তকারী কর্মকর্তাকে প্রশ্ন করেন, ‘আজম আলী, সামাদ, নায়েক রাজ্জাক—এই তিনজন র্যা বের চেইন অব কমান্ড মেনে টহল ডিউটি চলাকালে যা যা করেছেন, তা অপরাধ নয় বলে তাঁদের সাক্ষী করা হয়েছে।’ জবাবে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ।’ এরপর ওই আইনজীবী বলেন, ‘অনুরূপভাবে প্রথম ঘটনাস্থলে ডিএডি আবদুস সালামের নেতৃত্বে র্যা বের চেইন অব কমান্ড অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে চেকপোস্ট বসানো হয়েছিল বলেই তাঁদের আসামি করা হয়নি।’ জবাবে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘রানার নির্দেশে তাঁরা চেকপোস্ট বসান। চেকপোস্ট উঠিয়ে নেওয়ার পর তাঁরা আর কিছু জানেন না বলেই তাঁদের সাক্ষী করা হয়েছে।’
একপর্যায়ে রানার আইনজীবী তদন্তকারী কর্মকর্তাকে প্রশ্ন করেন, ‘র্যা ব ঘটনার পর বিভাগীয় তদন্ত করেছিল। এটা কি তদন্তে পর্যালোচনা করেছেন?’ জবাবে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘র্যা ব আলাদা বিভাগ, তাই করিনি।’
তদন্ত কর্মকর্তাকে ফরহাদ আব্বাসের জেরা রানা মনোযোগ দিয়ে শোনেন। র্যা বের ‘চেইন অব কমান্ড’ বিষয়টি উল্লেখ করার জন্য তাঁকে আইনজীবীর সহকারীকে নির্দেশনা দিতেও দেখা যায়।
বেলা ১টা ২৮ মিনিটে রানার আইনজীবীর জেরা শেষ হয়। এ সময় আদালত এক ঘণ্টার বিরতিতে যাওয়ার আগে আসামিদের নিজেদের হেফাজতে নিতে পুলিশকে নির্দেশ দেন। বেলা আড়াইটায় পুনরায় তাঁদের আদালতকক্ষে আনার নির্দেশনা দেন। বেলা ১টা ৪০ মিনিটের দিকে আদালতকক্ষে এক সাংবাদিককে উদ্দেশ করে এম এম রানা বলেন, ‘এই সাংবাদিক ভাই, গারদে নিতে বলল, নিতেছে না তো। ফ্রেশ হব না? হিউম্যান রাইটস ভায়োলেট করছে।’ পুলিশকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এসপি সাহেবকে ডাকেন।’ রানা ওই সাংবাদিককে উদ্দেশ করে আবার বলেন, ‘আপনারা নারায়ণগঞ্জ ক্যাম্পে কখনো খোঁজ নিছেন? লেখার সময় লেখেন আমরা অপহরণ করেছি। আমরা তো গ্রেপ্তার করেছি। এটা তো আমাদের কাজ।’ এরপরই তিনি নিচু স্বরে নূর হোসেন, তারেক সাঈদ ও আরিফের সঙ্গে কথা বলতে থাকেন।
বেলা দুইটায় আসামিদের কোর্ট হাজতে নেওয়া হয়। ২টা ৩৫ মিনিটে তাঁদের আবার আদালতকক্ষে আনা হয়। বিরতির পর বেলা ২টা ৪০ মিনিটে জেরা শুরু করেন নূর হোসেনের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। বিকেল পাঁচটা পর্যন্ত জেরা চলে। পরে আদালত আগামী সোমবার খোকন সাহার অসমাপ্ত জেরার পরবর্তী তারিখ ধার্য করেন।
পিপি ওয়াজেদ আলী খোকন প্রথম আলোকে বলেন, গত জেরার তারিখে কাঠগড়ায় মধ্যাহ্ন বিরতিতে খাবার নিয়ে আসামি নূর হোসেনের সঙ্গে অপর আসামি র্যা বের হাবিলদার এমদাদের হাতাহাতির ঘটনায় আদালত তাঁদের সতর্ক করে দিয়েছেন। বিরতিতে আসামিদের আদালতের কাঠগড়ায় রাখা হয়নি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বলেন, ‘কারাগার থেকে সরবরাহ করা চিড়া ও গুড় আসামিদের খেতে দেওয়া হয়। কিন্তু তাঁরা সেগুলো না খাওয়ায় আমার ব্যক্তিগত তরফ থেকে তাঁদের কলা ও রুটি খেতে দিই।’
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল ছয়জনের ও পরদিন একজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। নজরুল ও তাঁর চার সঙ্গীকে হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম একটি এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় তাঁর জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন। মামলায় ৩৫ জনের বিরুদ্ধে গত বছরের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করেন। র্যা বের আট সদস্যসহ ১২ আসামি পলাতক রয়েছেন। ১২৭ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১০৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তদন্ত কর্মকর্তা ১০৮ নম্বর সাক্ষী।