এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, লাশটি বহুল আলোচিত তিন পুলিশ হত্যা মামলার আসামি রফিকের (৩৭)। গতকাল মঙ্গলবার মাসুন্দিয়া ইউনিয়নের শ্যামপুর চর নামক স্থানের একটি পাটখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।পুলিশ সূত্র জানায়, রফিক চরমপন্থী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। পুলিশের ধারণা, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন গত সোমবার রাতে তাঁকে হত্যা করেছে।বেড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, লাশের বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। লাশের দুই পাশে দুটি লাল পতাকা পুঁতে রাখা ছিল। রফিকের বাড়ি সুজানগর উপজেলার হাসানপুর গ্রামে। গত বছরের ২০ জুলাই মাসুন্দিয়া ইউনিয়নের দুর্গম দাসপাড়া গ্রামে চরমপন্থীরা ঢালারচর পুলিশ ফাঁড়ির এক এসআইসহ তিন পুলিশকে গুলি করে হত্যা করে।