খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নজরুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার এক আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।
গত মঙ্গলবার রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম নামের ওই কৃষক খুন হন। এ ঘটনায় তাঁর স্ত্রী শরীফা বেগম পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ মামলার আসামি মো. সবুজ, মো. হাশেম ও মো. আমীর হোসেন মিরুকে গ্রেপ্তার করেছে।
মাটিরাঙ্গা থানার ওসি সাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তার তিনজনকে গতকাল খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। পরে আসামি আমীর হোসেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সুফিয়ানের কাছে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, ঘটনার দিন রাতে আবুল হাশেমের চা দোকান থেকে চা পান করে রবিউল ও নজরুল একসঙ্গে বাড়ির উদ্দেশে বের হন। তিনি তাঁদের পেছনে পেছনে যান। কিছু দূর যাওয়ার পর দেখেন রবিউল নজরুলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এরপর রবিউল তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেন। এ সময় তিনি দৌড়ে পালিয়ে যান।
এর আগে গত বুধবার মামলার সাক্ষী মো. সোহাগ আদালতে জবানবন্দি দেন।
বিএনপির দাবি, নিহত নজরুল উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। তবে আওয়ামী লীগ বলছে, নজরুল যুবলীগে যোগদান করেছিলেন।