এক আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূবালী ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ৫০ লাখ টাকা ‘খোয়া’ যাওয়া ঘটনায় গ্রেপ্তার নিরাপত্তারক্ষী তানজুর রহমান অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গত রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ইয়াছমিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, তানজুর রহমান আদালতে বলেছেন, ‘টাকাগুলো সরিয়ে নেওয়ার কাজে পাঁচজন অংশ নেন। চালক বিজয় কুমার দাশ টাকা বহনকারী গাড়ির পেছনের ডালা খুলে দেওয়ার পর অপরিচিত এক লোক এসে টাকার বস্তাটি নিয়ে চলে যান। এ সময় চালক বাকি চারজনের সঙ্গে কথা বলছিলেন। তিনি (তানজুর) চালককে বিষয়টি জানালে চালক বলেন, ‘দেখে থাকো, তোমারও লাভ হবে।’
এদিকে গতকাল সোমবার আসামিদের চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লা কায়সারের আদালতে হাজির করা হয়। আদালত ব্যাংক কর্মকর্তা রাজিবুর রহমান, নিরাপত্তারক্ষী আশিকুর রহমান, মাজহারুল ইসলাম ও চালক বিজয় কুমার দাশের আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুই আসামি রূপন কুমার নাথ ও ভজন কুমার নাথকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
১১ ফেব্রুয়ারি দুপুরে সীতাকুণ্ডে ব্যাংকের গাড়ি থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা ‘খোয়া’ যায়।