এক আসামির জবানবন্দি শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপে স্কুলছাত্রী খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক আসামি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সন্দ্বীপের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি দেন আসামি মো. মোশাররফ।
হত্যাকাণ্ডের প্রতিবাদ ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল শনিবার চট্টগ্রাম নগরে মানববন্ধন হয়েছে। কর্মসূচিতে চট্টগ্রামে বসবাস করা সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মশিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, আসামি মো. মোশাররফ আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে এই খুনের ঘটনায় পাঁচজন জড়িত বলে উল্লেখ করেছেন। আকবর হোসেন ওরফে ফকিরের নেতৃত্বে পাঁচজন এই খুনের ঘটনাটি ঘটায় বলে তিনি উল্লেখ করেছেন।
ওসি বলেন, আসামিদের চিনে ফেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার সন্দ্বীপ পৌর এলাকার একটি ডোবা থেকে রহমতপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইসলামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করার আলামত পাওয়া গেছে বলে প্রথম আলোকে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক।
নিহত স্কুলছাত্রীর মা পারভীন আকতার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন। এরপর গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মোশাররফসহ আকবর হোসেন, মো. মিনহাজ ও মো. বশরকে গ্রেপ্তার করে পুলিশ। আকবরের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় তিনটি মামলা আছে বলে পুলিশ জানায়।
স্কুলছাত্রী খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। সন্দ্বীপ সচেতন নাগরিক ফোরামের ব্যানারে এই কর্মসূচিতে চট্টগ্রামে অবস্থিত সন্দ্বীপভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দিন মিশন, মাইটভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ফোরামের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্যসচিব শামসুল আলম প্রমুখ।