এক আসামির জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার আসামি সাদমান ইয়াসির মাহমুদের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করে তাঁকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন চেম্বার বিচারপতি৷
গতকাল বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন৷ এক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ১ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সাদমানের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন৷ ৫ জুন তিনি জামিনে মুক্তি পান বলে সংশ্লিষ্ট আইনজীবী জানান৷ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গতকাল আবেদন করে রাষ্ট্রপক্ষ৷
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম৷ সাদমানের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও বি এম ইলিয়াস৷ শুনানির পর বিষয়টি ১৬ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়৷
গত বছরের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীর পলাশনগরের নিজ বাড়ির কাছে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়৷ ওই ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাত ছাত্রসহ আটজনের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে এ বছরের ২৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)৷ এর আগে গত বছরের ১৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাদমান ইয়াসির মাহমুদকে গ্রেপ্তার করা হয়৷
আসামিরা হলেন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদোয়ানুল আজাদ ওরফে রানা, মো. ফয়সাল বিন নাঈম ওরফে দীপ, মাকসুদুল হাসান ওরফে অনিক, মো. এহসান রেজা ওরফে রুম্মান, নাঈম সিকদার ওরফে ইরাদ, নাফিস ইমতিয়াজ ও সাদমান ইয়াসির মাহমুদ৷ অভিযোগপত্রে রাহমানীকে ‘হত্যাকাণ্ডে অনুপ্রেরণাকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে৷ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হলেন নর্থ সাউথের শিক্ষার্থী রেদোয়ানুল আজাদ ওরফে রানা৷তিনি পলাতক৷