সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় পুলিশের করা মামলার এক আসামির জামিন মঞ্জুর করে দেওয়া আদেশের কার্যকারিতা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। তিনি হলেন ধসে পড়া ওই ভবনে থাকা পোশাক কারখানা নিউ ওয়েভ স্টাইল লিমিডেটের চেয়ারম্যান বজলুস সামাদ আদনান।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ৯ ডিসেম্বর আদনানের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী। আদনানের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু ও এ এম আমিন উদ্দিন। পরে মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, আদনানের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। ফলে আদনান কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। ওই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক মানুষ নিহত হন। অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে ছয়জনকে আসামি করে ২৫ এপ্রিল সাভার মডেল থানার একটি মামলা করে পুলিশ। গত বছরের ২৭ এপ্রিল গ্রেপ্তার হন বজলুস সামাদ।