এক আসামির জামিন স্থগিতের আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার আহমেদ রাজীব হায়দার
ব্লগার আহমেদ রাজীব হায়দার

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার আসামি সাদমান ইয়াসির মাহমুদের জামিন স্থগিত করে দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন। আদালত বলেছেন, স্থগিতাদেশ চলমান থাকবে।
ওই মামলায় গত ১ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সাদমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ৫ জুন তিনি জামিনে মুক্তি পান। এ আদেশের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ জুন চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে সাদমানকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি তালিকায় আসে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাদমানের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও বি এম ইলিয়াস।
পরে বি এম ইলিয়াস প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ অনুসারে ২৪ জুন নিম্ন আদালতে সাদমানের আত্মসমর্পণের বিষয়টি জানানো হয়েছে। আপিল বিভাগ সাদমানের জামিন স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ চলমান থাকবে বলেছেন। একই সঙ্গে হাইকোর্টে এ-সংক্রান্ত রুল শুনানি করতে পক্ষদের বলা হয়েছে।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীর পলাশনগরে নিজ বাড়ির কাছে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে এ বছরের ২৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়।