মিথ্যা পরিচয় দিয়ে রাঙামাটির বরকলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামির মধ্যে বিভাস দেওয়ানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া আরও তিন আসামি বৌদ্ধ সাধক শান্তিপ্রিয় স্থবির, ফ্রিল্যান্স ফটোগ্রাফার ছন্দসেন চাকমা ও ছাত্র মুক্তবীর চাকমাকে কারাগার ফটকে দুই দিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকন উদ্দিন এ আদেশ দেন।
১০ মার্চ তিনজন বৌদ্ধধর্মীয় সাধকসহ ১২ জনকে রাঙামাটির বরকল থেকে আটক করে বিজিবি। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসামিদের মধ্যে বিভাস দেওয়ান নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট বলে মিথ্যা পরিচয় দেন। বিভাসের সহযোগী সন্দেহে আরও চার যুবককে চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আসামিপক্ষের আইনজীবী রাজীব চাকমা ও সুস্মিতা চাকমা জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বরকল থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন সেলিম গত মঙ্গলবার আদালতে রিমান্ড আবেদন করেন। তিনি আবেদনে আসামিদের যৌথ বাহিনীর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বরকল থানার ওসি বলেন, যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদের জন্য বরকল জোনের বিজিবির লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।
রাঙামাটির জ্যেষ্ঠ আইনজীবী ও সরকারি কৌঁসুলি পরিতোষ কুমার দত্ত বলেন, রিমান্ড শুনানির সময় আসামিদের আদালতে উপস্থিত করার নিয়ম রয়েছে।