চট্টগ্রামে এক শিশুকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক আসামিকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ওই আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেন।একই আদেশে আদালত ধর্ষকের তিন সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এই তিনজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। রায় ঘোষণার পর চার আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। দণ্ডিত চার আসামি হলো মাসুদ রানা, মোশাররফ হোসেন, আবু বক্কর সিদ্দিক ও ওমর ফারুক। তারা সবাই নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বলিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।তাদের মধ্যে মাসুদ রানার দুবার যাবজ্জীবন কারাদণ্ড হয়। একটি মামলার সাজা ভোগের পর আরেকটি যাবজ্জীবনের সাজা শুরু হবে বলে সরকারি কৌঁসুলি জানিয়েছেন। আদালত সূত্র জানায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে ২০০৮ সালের ১৫ নভেম্বর এই চার আসামি আগ্রাবাদ বলিপাড়ার দুই বোনকে অপহরণ করে। পরে ১২ বছর বয়সী বড় বোনকে ছেড়ে দেয় আসামিরা। ১০ বছর বয়সী ছোট বোনকে অজ্ঞাত স্থানে নিয়ে মাসুদ রানা ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা শিশুর বাবা ডবলমুরিং থানায় চারজনকে আসামি করে একটি মামলা করেন। তদন্তের পর ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) রত্নেশ্বর মজুমদার ২০০৯ সালের ১৫ জুন চারজনকে আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ১৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭, ৯ (১)/৩০ ধারায় অভিযোগ গঠন করা হয়। ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এম এ নাসের চৌধুরী প্রথম আলোকে জানান, এই মামলায় আটজন সাক্ষ্য দেন। তাঁদের সাক্ষ্যের কারণে চার আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই প্রধান আসামিকে দুবার যাবজ্জীবন অর্থাৎ ৬০ বছরের কারাদণ্ড এবং অন্য তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।