রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী মনুসর মল্লিক হত্যা মামলার এক আসামির নাম প্রত্যাহারে আবারও আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আবেদনটি করেছেন মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবু আবদুল্লাহ।২০০৭ সালের ১২ মে পল্লবীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান মিম ডেইরি ফার্মে মনসুর মল্লিককে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ওই বছরের ২০ আগস্ট আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন: আ. করিম, আবদুল গনি মাতব্বর, জহিরুল হাসান, মো. আবদুর রহিম, বাবু, আলাউদ্দিন, মোফাজ্জল হোসেন ও মফিউদ্দিন আদনান।আদালত সূত্র জানায়, মোফাজ্জলের নাম প্রত্যাহারে গত বছরের ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আবেদন করেন পিপি। এর আগে ২০১০ সালের ২৪ নভেম্বর তাঁর নাম প্রত্যাহারের আবেদন করা হলেও বাদীপক্ষের আপত্তিতে তা বাতিল হয়।নথি পর্যালোচনায় দেখা যায়, মোফাজ্জল এই মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের জন্য ২০১০ সালের ১০ আগস্ট আইন প্রতিমন্ত্রী বরাবর আবেদন করেন। আবেদনে বলা হয়, তিনি কাফরুল থানার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এক/এগারোর পর সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে। আবেদনে সুপারিশ করেন আওয়ামী লীগের সাংসদ কামাল আহমেদ মজুমদার। ২০১০ সালের ৭ অক্টোবর মোফাজ্জলের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে পিপিকে চিঠি দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-১-এর সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। বাদী আপত্তি জানালে ২০১১ সালের ২৬ জানুয়ারি ওই সিদ্ধান্ত বাতিল করা হয়।পরে মোফাজ্জল আবারও আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আইন শাখা-১ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০১১ সালের ৪ মে পিপিকে আবারও চিঠি দেয়। পিপি ওই বছরের ৪ সেপ্টেম্বর মোফাজ্জলের নাম প্রত্যাহারের জন্য আবেদন করেন।পিপি আবু আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি আবেদন করেছেন। ইতিপূর্বেও তাঁর নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বাতিল করা হয়েছিল।নিহত মনসুরের ভাই আবদুল কুদ্দুস মল্লিক বলেন, চারজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার পরিকল্পনাকারী হিসেবে মোফাজ্জলের নাম বলেছেন। মনসুরের সঙ্গে মোফাজ্জলের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল।আদালত সূত্র জানায়, এই মামলায় রাষ্ট্রপক্ষে ১৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার মামলা থেকে মোফাজ্জলের নাম প্রত্যাহারের বিষয়ে আদেশ দেওয়া হতে পারে।