
সিলেটে হোটেল অনুরাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান (৩২) হত্যার আলোচিত মামলায় একজনের মৃত্যুদণ্ড ও অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা গতকাল বুধবার দুপুরে এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হচ্ছেন ঢাকার হাজারীবাগ গণকটুলী লেনের বাসিন্দা শফিকুর রহমান ওরফে শফিক (৩২)। তিনি নিহত এমডি আতিকের বন্ধু ছিলেন। যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া অপর দুজন হচ্ছেন ঢাকার ললিত মোহন দাস লেনের সুমন ওরফে মামা সুমন (৩০) ও তাঁর সহযোগী খোকন (৩০)। তিনজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সুমন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক।
আদালত থেকে জানা গেছে, ২০১০ সালের ২৯ নভেম্বর নগরের ধোপাদিঘিরপাড় এলাকার হোটেল অনুরাগের একটি কক্ষে ডেকে নিয়ে আতিকুর রহমানকে শ্বাসরোধে হত্যা করেন শফিকুর রহমান, সুমন ও খোকন। এ ঘটনায় নিহত আতিকের বাবা হোটেল অনুরাগের চেয়ারম্যান মো. খুরশেদ আলী পরদিন সিলেট কোতোয়ালি থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডটি চাঞ্চল্যকর ছিল। হোটেল কক্ষে খুন করে হত্যাকারীরা হোটেল ত্যাগ করার সময় অভ্যর্থনা কক্ষে সিসি ক্যামেরায় তাদের পালিয়ে যাওয়ার ভিডিওচিত্র সংরক্ষিত ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১১ সালের ১৮ জুন তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। ২০১২ সালের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলার মোট ৩১ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি মফুর আলী জানান, আদালতে উপস্থাপিত যাবতীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি হয়েছে।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত আতিকের বাবা মো. খুরশেদ আলী, মা রেজিয়া বেগম ও আতিকের স্ত্রী তামান্না ইসলামসহ পরিবারের সদস্যরা। রায়ের প্রতিক্রিয়ায় আতিকের বাবা বলেন, ‘নিজ হোটেলে ঢুকে ছেলেকে খুন করেছিল ওরা। এটা পরিবারের কারোরই সহ্য করার মতো ঘটনা ছিল না। এর পরও আমাদের সান্ত্বনা যে আমরা ন্যায়বিচার পেয়েছি।’