
সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় সাইফুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে তিন আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর গত বৃহস্পতিবার রায় দেওয়া শুরু হয়ে গতকাল শেষ হয়।
নিম্ন আদালতে পাঁচ আসামির মৃত্যুদণ্ডাদেশ হয়েছিল। রায়ে অপর তিন আসামি—মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি, রফিকুল ইসলাম খোকনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। খালাস দেওয়া হয় আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদকে।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম বলেন, সেলিমের বিরুদ্ধে তেমন সাক্ষ্যপ্রমাণ না থাকায় তাঁকে খালাস দেওয়া হয়েছে। সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনায় সাইফুল ইসলাম গুলি করেছেন বলে প্রমাণিত হওয়ায় আদালত তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন। এ ছাড়া অপরাধের গুরুত্ব বিবেচনায় অপর তিন আসামিকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
গত বছরের ৫ মার্চ রাত একটায় গুলশানের কূটনৈতিক এলাকায় বাসার অদূরে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।