চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মেহেদী হাসান হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামিকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আসামির নাম আবদুল কুদ্দুস ওরফে কানা কুদ্দুস। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, মেহেদী হত্যা মামলার আসামি কানা কুদ্দুসকে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রহিম সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর রাতে নিজ বাসার পাশে নগর যুবলীগের নেতা মেহেদী হাসানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর স্ত্রী মোবাশ্বেরা বেগম বাদী হয়ে ২২ জনকে আসামি করে বায়েজীদ বোস্তামী থানায় মামলা করেন। এই মামলায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে কারাগারে আছেন গোলাম রসুল ওরফে সাদ্দাম, আরমান হোসেন ও কানা কুদ্দুস। জামিনে রয়েছেন বাকি ছয় আসামি। কানা কুদ্দুসকে ঈদের আগে পুলিশ গ্রেপ্তার করেছিল।