এক আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে চিনে ফেলায় গলা কেটে অটোরিকশাচালক আবদুর রাজ্জাককে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হওয়া মামলার আসামি মিল্টন মিয়া (২৫) গতকাল বুধবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, মিল্টন মিয়া (২৫) গতকাল দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াসের আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। পরে বিকেলে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমানের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। মিল্টন জেলা শহরের দমদমা কালিগঞ্জ এলাকার বাদশা মিয়ার ছেলে। পুলিশ ১৩ মার্চ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিল্টন বলেন, ৭ মার্চ রাত আটটার দিকে তিনিসহ শহরের দমদমা কালিগঞ্জ এলাকার সাগর ও রেজোয়ান অটোরিকশায় বেড়ানোর কথা বলে রাজ্জাককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাত ১২টার দিকে রাজ্জাকের অটোরিকশাটি তাঁরা ছিনতাই করেন। এ সময় রাজ্জাক তাঁদের চিনে ফেললে তিনি (মিল্টন) ও তাঁর সহযোগীরা তাঁকে মোবারকপুর এলাকার সেতুসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যান এবং ছুরি দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করেন। গভীর রাতে রাজ্জাকের গলাকাটা লাশ তাঁরা মোবারকপুর এলাকার একটি ইটভাটায় নিয়ে ইট চাপা দিয়ে ফেলে আসেন।