চট্টগ্রাম নগরের হামজারবাগে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর নাম মো. সজীব। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
এদিকে এই মামলায় গ্রেপ্তার হওয়া আরও তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। একই আদালত আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। গত সোমবার রাতে নগরের হামজারবাগ এলাকায় কিশোর মোহাম্মদ ইয়াসিন ও তরুণ কাউসার মিয়াকে ছুরিকাঘাত করে খুন করা হয়। শত্রুতা ও প্রেমের কারণে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। ঘটনার দিন রাতে নিহত ইয়াসিনের বাবা জাহের মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, জবানবন্দিতে তিনি প্রেমে বাধা হয়ে দাঁড়ানো এবং তাঁকে মারধরের জেরে প্রতিশোধ নিতে প্রতিপক্ষ করিমের লোকজনকে মারার কথা স্বীকার করেছেন।