চট্টগ্রাম নগরের হামজারবাগে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর নাম মো. সজীব। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
এদিকে এই মামলায় গ্রেপ্তার হওয়া আরও তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। একই আদালত আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
গত সোমবার রাতে নগরের হামজারবাগ এলাকায় কিশোর মোহাম্মদ ইয়াসিন ও তরুণ কাউসার মিয়াকে ছুরিকাঘাত করে খুন করা হয়। শত্রুতা ও প্রেমের কারণে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। ঘটনার দিন রাতে নিহত ইয়াসিনের বাবা জাহের মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, জোড়া খুনের মামলায় গ্রেপ্তারকৃত এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি প্রেমে বাধা হয়ে দাঁড়ানো এবং তাঁকে মারধরের জেরে প্রতিশোধ নিতে বন্ধুদের নিয়ে প্রতিপক্ষ করিমের লোকজনকে মারার কথা স্বীকার করেছেন।
নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী আরও বলেন, এই মামলায় গ্রেপ্তার তিন আসামি মো. ফারুক, মো. সাগর ও মো. মহররমকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য রেখেছেন।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, জবানবন্দিতে আসামি সজীব স্বীকার করেন, থাই ফুড নামের একটি প্রতিষ্ঠানের এক নারী কর্মচারীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু করিম নামের স্থানীয় এক যুবক সজীবের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে সোমবার বিকেলে তাঁকে মারধর করেন করিমের লোকজন। এ কারণে সজীব তাঁর বন্ধুবান্ধব নিয়ে করিমের লোকজনকে মারধর করেন। যে দুজন মারা গেছেন তাঁরা করিমের পক্ষের লোক। ঘটনার পর থেকে করিম পলাতক রয়েছেন।