এক আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে পদচারী–সেতুতে জোড়া খুনের ঘটনায় সোহেল নামের এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার বিকেলে মহানগর হাকিমের আদালতে তিনি জবানবন্দি দেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। সোহেলকে ১৪ অক্টোবর পরিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শাহবাগ পদচারী–সেতুর ওপর ৪ অক্টোবর গভীর রাতে ছুরিকাঘাতে নিহত হন মোতালেব (৩৫) ও হাবিব (৪০)। মাদক কেনাবেচা নিয়ে বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সোহেল মাদকসেবী এবং ছিনতাইয়ে জড়িত। ঘটনার দিন রাত ১১টার পর মোতালেবের কাছে সোহেল গাঁজা খেতে চাইলে তিনি টাকা চান। সোহেল টাকা দেওয়ার পরও মোতালেব তাঁকে গাঁজা না দিয়ে মারধর করেন। সোহেলের নাক থেকে রক্ত বের হলে ক্ষুব্ধ সোহেল মোতালেবকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। আধা ঘণ্টার মধ্যে সোহেল ধারালো চাকু নিয়ে এসে মোতালেবকে এলোপাতাড়ি কোপান।
ওই সময় ফুটপাত থেকে হাবিব নামের তরুণটি এগিয়ে এলে সোহেল তাঁকেও কুপিয়ে আহত করেন। পরে দুজনই হাসপাতালে মারা যান। সোহেল রমনায় ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি জামিনে বের হন বলে জানান শাহবাগ থানার ওসি।