প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামে তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার ঘটনার এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মদ ওরফে নিপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ বি এম আশরাকুল হকের আদালতে গতকাল শনিবার ১৬৪ ধারায় তিনি এ জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে। নূর মোহাম্মদ ওই ঘটনার প্রধান আসামি জাহাঙ্গীরের চাচাতো ভাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বলেন, টাঙ্গাইলের আদালতে নূর মোহাম্মদ ছয় পৃষ্ঠার স্বীকারোক্তি দেন। এতে তিনি এই হত্যাকাণ্ডের আদ্যোপান্ত বর্ণনা করেন।
তদন্তকারী কর্মকর্তা বলেন, নূর মোহাম্মদ এ হত্যাকাণ্ডে জাহাঙ্গীরকে সহযোগিতা করার কথা স্বীকার করেন। আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানতেন তিনি।